লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে বহুজাতিক টাস্কফোর্স ‘গুরুতর সমস্যার’ মুখে পড়বে। ইরানের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ রেজা আশতিয়ানি এই হুঁশিয়ারি দিয়েছেন। সম্প্রতি লোহিত সাগর দিয়ে যাওয়া জাহাজ লক্ষ্য করে হামলা হওয়ার পর ওয়াশিংটন টাস্টফোর্স গঠনের কথা জানায়। এ নিয়ে গতকাল বৃহস্পতিবার ইরানি মন্ত্রী ওই কথা বলেন।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্র জানায়, লোহিত সাগরে বহুজাতিক টাস্কফোর্স গঠনের জন্য তারা অন্যান্য দেশের সঙ্গে আলোচনা শুরু করেছে। গাজা যুদ্ধ শুরুর পর ইয়েমেনের শিয়া মতাবলম্বী হুত্থি বিদ্রোহীরা লোহিত সাগরে বিভিন্ন জাহাজে হামলা চালানোর দাবি করে। যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নিয়ে মোহাম্মদ রেজা আশতিয়ানি বলেন, ‘তারা (ওয়াশিংটন) যদি এমন খামখেয়ালিপূর্ণ পদক্ষেপ নেয়, তাহলে গুরুতর সমস্যার মুখে পড়তে হবে। কারও এমন জায়গায় এসে এই ধরনের কাজ করা উচিত নয় যেখানে আমরা আগে থেকেই আধিপত্য বজায় রেখে চলেছি।’