নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ঊষাতন তালুকদার

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছেন স্বতন্ত্র প্রার্থী পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সহ-সভাপতি ঊষাতন তালুকদার। আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের কার্যালয়ে গিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসন থেকে তার প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল। মনোনয়নপত্র প্রত্যাহারের পর ঊষাতন তালুকদার সাংবাদিকদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় সিদ্ধান্তের কারণে প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছি।

এই সময় তার সাথে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা সভাপতি গঙ্গামানিক চাকমা, সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা ও সচিন চাকমা।

তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মাঠে রয়েছেন আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টির হারুনুর রশিদ, বাংলাদেশ সংস্কৃতি মুক্তিজোটের অমর কুমার দে ও তৃণমূল বিএনপির মো. মিজানুর রহমান।

রাঙ্গামাটির রিটার্নিং অফিসার মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার আবেদনে ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেছেন। তা গৃহীত হয়েছে। এখন পর্যন্ত নির্বাচনের মাঠে চারজন প্রার্থী রয়েছে।

প্রসঙ্গত ২০০৮ সালে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নেন জনসংহতি সমিতির নেতা ঊষাতন তালুকদার। ২০১৪ সালের নির্বাচনে তিনি বিজয়ী হন এবং ২০১৮ সালের নির্বাচনে তিনি ১ লাখ ৮ হাজার ভোটের পেয়েও পরাজিত হন। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি নির্বাচন কমিশনে নিবন্ধন না থাকায় স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে দলটি।