কাভার্ডভ্যান-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় সিএনজি চালিত অটোরিকশার আরও ২ যাত্রী আহত হয়। রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামের বেতকা-তেঘরিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রী মো. ওহাব খান সুমন (৫০) জেলার গজারিয়া উপজেলার ইস্মানিরচর গ্রামের মৃত হাজী মোবারক আলীর ছেলে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাভার্ডভ্যান ও  সিএনজি চালককে আটক করে। 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মুজাহিদুল ইসলাম জানান, উপজেলার বেতকা থেকে একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ-১১-৫৪৭) ঢাকায় যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা বেতকার দিকে যাচ্ছিলো। উপজেলার কালীনগর গ্রামে পৌঁছালে কাভার্ডভ্যান ও অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সুমন নিহত হয়। অটোরিকশার অপর ২ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।