আগামী বছর প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করতে অবৈধ অভিবাসী তাড়ানোর পাশাপাশি অভিবাসন প্রক্রিয়াই কঠিন করে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘অবৈধ অভিবাসীরা যুক্তরাষ্ট্রের রক্ত দূষিত করছে’। গত শনিবার নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প এই মন্তব্য করেন।
সভায় ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ওরা (অবৈধ অভিবাসী) আমাদের দেশের রক্ত বিষাক্ত করে তুলছে। দক্ষিণ আমেরিকা ছাড়াও এশিয়া, আফ্রিকা, সারা বিশ্ব থেকে তারা আমাদের দেশে আসছে।’ এ সময় তিনি জানান, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলে অবৈধ অভিবাসনপ্রত্যাশীদের নিষিদ্ধ ও বৈধ অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপ করা হবে। ট্রাম্প এর আগে গত সেপ্টেম্বরে একটি ডানপন্থি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে ‘রক্ত বিষাক্ত করে তোলা’ শব্দগুলো ব্যবহার করেছিলেন।