অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে বড় হারের পর এবার মন্থর ওভার রেটের জন্য শাস্তি পেয়েছে পাকিস্তান। দলটির ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২ পয়েন্ট কাটা পড়েছে তাদের। আইসিসির তরফ থেকে সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান দলের এ শাস্তির কথা জানানো হয়।
বিশ্বকাপ পরবর্তী নতুন শুরুর প্রত্যাশায় অস্ট্রেলিয়া সফরে গিয়ে প্রথম টেস্টে ৩৬০ রানে হারে পাকিস্তান। ওই ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে দুই ওভার কম করে সফরকারীরা। টেস্টে মন্থর ওভার রেটের সংশোধিত নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ জরিমানা করা হয়। সঙ্গে টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ হলে প্রতি ওভারের জন্য কাটা হয় একটি করে পয়েন্ট।
ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। এ পরাজয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের টেবিলে দুইয়ে নেমে যায় পাকিস্তান। পয়েন্ট হারিয়ে তাদের পয়েন্টের শতকরা হার ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে দ্বিতীয় বক্সিং ডে টেস্ট।