বিশ্বকাপ ব্যর্থতায় চটেছেন নাকভি; পাকিস্তান দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

আপডেট : ০১ মার্চ ২০২৬, ১১:১৯ এএম

টানা তৃতীয়বারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে পাকিস্তান। সুপার এইটে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জিতেও প্রয়োজনীয় রানরেট অর্জন করতে না পেরে গ্রুপ–২-এর তৃতীয় হয়েই বিদায় নিতে হয়েছে তাদের। এই ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে বড় ধরনের রদবদলের আভাস মিলছে।

সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি দলের পারফরম্যান্সে মোটেও সন্তুষ্ট নন। টি–টোয়েন্টি অধিনায়ক সালমান আলি আগাকে সরানোর সিদ্ধান্ত প্রায় নিয়ে ফেলেছেন নাকভি। বিশ্বকাপের আগে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট তাকে আশ্বস্ত করেছিলেন যে দল ভালো প্রস্তুত এবং বড় সাফল্য পেতে পারে। কিন্তু বাস্তবে তা হয়নি।

একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বিশ্বকাপ শেষে কয়েকজন ক্রিকেটারের টি–টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ হতে পারে। সেই তালিকায় রয়েছেন সালমান আলি আগা, বাবর আজম, উসমান খানসহ আরও কয়েকজন। নতুন অধিনায়ক হিসেবে শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদির নাম শোনা যাচ্ছে। দুজনই টি–টোয়েন্টি ফরম্যাটে অভিজ্ঞ এবং নেতৃত্বের সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচনায় আছেন।

প্রধান কোচ মাইক হেসন নাকি বোর্ডকে পরামর্শ দিয়েছেন, আধুনিক টি–টোয়েন্টির চাহিদা মেটাতে দলকে নতুন করে গড়তে হবে। কিছু সিনিয়র ক্রিকেটারের জায়গায় তরুণদের সুযোগ দেওয়ার সময় এসেছে বলেও মত দিয়েছেন তিনি। বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান ক্রিকেটে ঝড় বইতে চলেছে। অধিনায়কত্ব থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যৎ, সবই এখন অনিশ্চিত।

উল্লেখ্য, বিশ্বকাপের গ্রুপ পর্বে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্র ও নামিবিয়াকে হারিয়ে সুপার এইটে ওঠে পাকিস্তান। ভারতের কাছে পরাজয়ে ফলে তারা রানার্সআপ হয়ে পরের পর্বে উঠেছিল। সুপার এইটে প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্ত হয়। এরপর ইংল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে দল। শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারালেও প্রয়োজনীয় ব্যবধানে জয় না পাওয়ায় নেট রানরেটে পিছিয়ে পড়ে বিদায় নিশ্চিত হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত