কারাগারে 'গুরুতর' অসুস্থরা পাচ্ছেন না চিকিৎসা, দাবি বিএনপির

চট্টগ্রামে কারাবন্দী বিএনপির কয়েকজন নেতাকর্মী 'গুরুতর' অসুস্থ হয়ে পড়ায় গভীর উদ্বেগ জানিয়ে তাদের জীবনহানির শঙ্কা প্রকাশ করেছেন চট্টগ্রাম নগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর।

সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মহানগর বিএনপি নেতারা দাবি করেন, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে মানবেতর দিনযাপন করছেন মহানগর বিএনপির সাবেক সহসভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য মো. ইকবাল চৌধুরীসহ কয়েকজন নেতাকর্মী। অসুস্থ নেতাকর্মীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

বিবৃতিতে দাবি করা হয়, ‘২৮ অক্টোবরের পর থেকে চট্টগ্রামে দেড় হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ইকবাল চৌধুরী, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. ইউছুপ, বাকলিয়া থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, চকবাজার থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান জুনু ও স্বেচ্ছাসেবক দল নেতা ওয়াকিল হোসেন বগাসহ বেশ কয়েকজন নেতাকর্মী কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।’

গত ২৯ অক্টোবর ইকবাল চৌধুরীকে রাহাত্তার পুল আহাদ কমিউনিটি সেন্টারে আত্মীয়ের বিয়ে অনুষ্ঠান থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার ছেলে আহনাফ চৌধুরী জানিয়েছেন, ‘তার বাবাকে গত রবিবার চট্টগ্রাম আদালতে মামলার হাজিরার জন্য আনা হলে তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। তার বাবা হার্টের সমস্যাসহ নানাবিধ রোগে ভুগছেন। কারাবন্দী বিএনপি নেতা খায়রুজ্জামান ও মো. আলমগীর গত সপ্তাহে আদালত থেকে জামিন পেলেও পুলিশ তাদের পুনরায় কারা ফটক থেকে গ্রেপ্তার করে অন্য মামলায় কারাগারে পাঠিয়ে দেন। এর পর থেকে তারা কারাগারে অসুস্থ হয়ে পড়েছেন।’

নেতৃবৃন্দর অভিযোগ, ‘চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ কারাবিধি মানছেন না। বন্দীদের যথাযথ চিকিৎসাসেবা দেয়া হচ্ছে না। কারাগারে রয়েছে টয়লেটের সংকটও। কারাগারের প্রতি ওয়ার্ডে এক থেকে দেড়শ বন্দীর বিপরীতে টয়লেট রয়েছে মাত্র একটি। বন্দীরা গাদাগাদি করে মানবেতর জীবনযাপন করছেন। চট্টগ্রাম কারাগারে বিএনপি নেতাকর্মীসহ সকল বন্দীদের সুচিকিৎসা ও আইনগত ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং তাদের দ্রুত জামিনে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানান নগর বিএনপি নেতারা।’