দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের অপচেষ্টা চলছে উল্লেখ করে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দেশের ৯১ জন সুপরিচিত নাগরিক। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে তারা এ আহ্বান জানান।
বিবৃতিতে বলা হয়, রক্তক্ষয়ী স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে অর্জিত সংবিধান অনুযায়ী ও গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাতির জন্য গুরুত্বপূর্ণ এই নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক করার লক্ষ্যে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট অংশীজনরা সচেষ্ট রয়েছেন। কিন্তু একটি মহল নির্বাচন বানচালের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৮ অক্টোবর রাজধানীতে গণসমাবেশের নামে বিএনপির উচ্ছৃঙ্খল কর্মীরা প্রকাশ্যে নৃশংসভাবে একজন কর্তব্যরত পুলিশ সদস্যকে হত্যা করে। এমনকি প্রধান বিচারপতির বাসভবন ও হাসপাতালে তারা তাণ্ডব চালায়। পরবর্তী সময়ে বাসের ভেতরে ঘুমন্ত শ্রমিককে জীবন্ত পুড়িয়ে মারা হয়। গত ২৯ অক্টোবর থেকে এখন পর্যন্ত বিএনপি-জামায়াতের কর্মী-সমর্থকরা রাজনৈতিক কর্মসূচির নামে বিপুলসংখ্যক যানবাহন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় নজিরবিহীন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সর্বশেষ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আন্তঃনগর মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগিতে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় মা-ছেলেসহ চারজন নিরীহ যাত্রী নিহত হয়। রাজনীতির নামে পরিচালিত দুর্বৃত্তদের এই ধরনের বর্বরতা কিছুতেই মেনে নেওয়া যায় না।
বিবৃতিতে আরও বলা হয়, এসব নাশকতামূলক কর্মকাণ্ডের মূল উদ্দেশ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন প্রতিরোধ করে দেশের চলমান গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা। ইতিমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের মধ্যে ২৯টি দল নির্বাচনে অংশগ্রহণ করছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে সারা দেশে সৃষ্টি হয়েছে অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচনের উৎসবমুখর পরিবেশ। কিন্তু একটি চিহ্নিত কুচক্রী মহল দেশের জনগণ ও নির্বাচনের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। রাজনীতির আড়ালে সক্রিয় উন্নয়ন ও প্রগতিবিরোধী এই অপশক্তির বিরুদ্ধে দেশের সচেতন নাগরিকদের সোচ্চার হওয়া একান্ত প্রয়োজন।
বিবৃতিদাতারা মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ দেশের সব নাগরিককে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জাতীয় সংসদ নির্বাচনকে সফলভাবে সম্পন্ন করারও আহ্বান জানান।
বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন- সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সাবেক মুখ্য সচিব আবদুল করিম, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম, শিক্ষক ও গবেষক অধ্যাপক মুনতাসীর মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস প্রফেসর শিল্পী হাশেম খান, নাট্যজন রামেন্দু মজুমদার, সাবেক আইজিপি, সচিব ও কলামিস্ট মোহাম্মদ নুরুল হুদা প্রমুখ।