নৌকার সমর্থনে রাস্তায় শিল্পী, পুরোহিত, ভক্ত

এবার নৌকার সমর্থনে মিছিল নিয়ে রাস্তায় শিল্পী, সাধু, গুরু, ভক্ত, পুরোহিতরা। বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমী চত্বর থেকে এই মিছিলটি বের হয়। মেহেরপুর-১ আসনের নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে এই মিছিলটি অনুষ্টিত হয়। মিছিলে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩ শতাধিক শিল্পী, সাধু, গুরু, ভক্ত, পুরোহিতরা স্ব-মহিমায় নিজস্ব বেশে অংশ নিয়েছিল।

মেহেরপুর-১ আসনের নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা ইসলামের নেতৃত্বে মিছিলে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি তরুণ ভট্টাচার্য্য ও সরকারী কৌশুলীবৃন্দ, মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ শিল্পকলার একাডেমীর তালিকাভুক্ত শিল্পী, যন্ত্রী, বিভিন্ন মন্ডপের পুরোহিত, বিভিন্ন আখড়ার (লালন) সাধু, গুরু, ভক্তরা। তারা মিছিল সহকারে রাস্তায় নেমে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করলেন পথচারী সাধারণ ভোটারদের কাছে। যন্ত্র শিল্পীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিলকে করেছিল আনন্দমূখর।

মিছিলটি জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে বের হয়ে মেহেরপুর শহরের প্রধান সমস্ত সড়ক প্রদক্ষিণ শেষে নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাড়িতে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন মেহেরপুর-১ আসনের নৌকা প্রার্থী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের পিপি তরুণ ভট্টাচার্য্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমানসহ অনেকেই। সভা সঞ্চালনায় ছিলেন- মেহেরপুর বারাকপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্বাশ্বত্ব ভট্টাচার্য্য নিপ্পন।

বক্তব্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন- আমি শিল্পকলা একাডেমির অনেক উন্নয়ন করেছি। জয়ী হলে আরও করবো। সব শ্রেণির শিল্পীদের নিজস্ব চর্চা ও জীবনমান উন্নয়নে নানা সুযোগ সুবিধা সৃষ্টি করা হবে। নৌকার বিজয়ে আপনারা সকলে ঐক্যবদ্ধ থেকে বিজয়কে সুনিশ্চিত করলে এগিয়ে যাবে মেহেরপুর। আমরা কোনো পেরেশানি চাই না। আমরা শান্তি চাই।