আগামী ৮ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে পাকিস্তান নির্বাচন কমিশন (ইসিপি)। প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত চলতে থাকা এই প্রক্রিয়া চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। আগামী শনিবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
পাকিস্তান নির্বাচন কমিশন জানায়, আগামী রবিবার অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাইয়ের কাজ চলবে। সারা দেশজুড়ে বিভিন্ন প্রদেশে প্রতীক বরাদ্দের কাজ শুরু হবে আগামী ১৩ জানুয়ারি।
গতকাল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের তরফে জানানো হয়, বর্তমানে কারাবন্দি দলের সাবেক চেয়ারম্যান ইমরান খান আগামী জাতীয় নির্বাচনে তিনটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তোশাখানা মামলায় ইমরান খানকে আদালত কারাদন্ডাদেশ দেওয়ার পাশাপাশি তাকে নির্বাচনে প্রতিযোগিতার জন্য অযোগ্য ঘোষণা করেন। কিন্তু ইসলামাবাদ হাইকোর্ট ইমরানকে দোষী সাব্যস্তকরণের আদেশ স্থগিত করেন।