নওগাঁ কারাগারের বন্দি বিএনপি নেতার মৃত্যু

নওগাঁ কারাগারের এক হাজতি বিএনপি নেতা মতিবুল মন্ডল (৫৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার সকাল পৌনে ৯টার দিকে নওগাঁ সদর আধুনিক হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত মতিবুল মন্ডল জেলার পত্নীতলা উপজেলার নজিপুর এলাকার বাসিন্দা।

মতিবুল মন্ডল নজিপুর পৌর বিএনপির ২ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

নওগাঁর জেল সুপার নজরুল ইসলাম দেশ রূপান্তরকে জানান, মতিবুল ম-ল গত ২৭ নভেম্বর মারপিট ও বিস্ফোরক মামলার আসামি হিসেবে কারাগারে পাঠানো হয়। এরপর গত ১৪ ডিসেম্বর হঠাৎ অসুস্থ হলে তাকে কারাগার হাসপাতালে ভর্তি করা হয়। আরটিআই রোগে (শ্বাসতন্ত্রের সংক্রমণ) আক্রান্ত ছিলেন। কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল।

হঠাৎ গতকাল সকালে গুরুতর অসুস্থ হলে কারা হাসপাতাল থেকে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টা ৫৬ মিনিটে তিনি মারা যান।

পত্নীতলা বিএনপির যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বায়োজিদ রায়হান শাহিন জানান, কয়েকদিন আগে মতিবুল মন্ডলের সঙ্গে কারাগারে সাক্ষাতে গিয়েছিলেন। তখন তিনি সুস্থ ছিলেন। গতকাল সকালে কারাগার কর্তৃপক্ষ তার মৃত্যুর খবর পরিবারকে জানায়।