ফের বিয়ে করছেন সালমানের ভাই আরবাজ, পাত্রী কে?  

মালাইকা অরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমে জড়ান বলিউড অভিনেতা আরবাজ খান। তবে সে সম্পর্কও টেকেনি। সব তিক্ততা ভুলে এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সালমান খানের ভাই।

বড়দিনের আগেই সালমান খানের পরিবারে বাজতে চলেছে বিয়ের সানাই। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে এখন সাজসাজ রব! কাকে বিয়ে করছেন আরবাজ?

বলিউড সূত্রে খবর, সুরা খান নামে এক বলিউড মেকআপ আর্টিস্টের সঙ্গেই দ্বিতীয়বার ছাদনাতলায় বসতে চলেছেন আরবাজ। আগামী ২৪ ডিসেম্বর রবিবার বিয়ে। শুধুমাত্র পরিবার, ঘনিষ্ঠ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতেই বিয়ে করছেন আরবাজ-সুরা। যদিও এ প্রসঙ্গে সালমান খানের পরিবার মুখে কুলুপ এঁটেছেন। সবটাই চুপেচাপে সারতে চাইছেন!

পাটনা শুক্লা নামে এক ছবির শুটিং করতে গিয়েই সেটে সুরার সঙ্গে আলাপ হয় অভিনেতার। সেখান থেকেই মন দেওয়া নেওয়া। এবার শুভ পরিণয়।

এর আগে ২০১৭ সালের মে মাসে মালাইকা অরোরার সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় আরবাজ খানের। তার পর মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে প্রেমের সম্পর্কে লিপ্ত হন অভিনেতা-প্রযোজক। বছরখানেক বি-টাউনের ইতি-উতি, একাধিক হাই প্রোফাইল পার্টিতে দেখা গিয়েছিল আরবাজ-জর্জিয়াকে। শোনা গিয়েছিল, তারা নাকি বিয়ে করতে চলেছেন। তবে সেই সম্পর্কও বছর খানেকের বেশি টেকেনি।

তবে এবার সুরা খানের সঙ্গে বিয়ে পাকাপোক্ত। পাত্রী বলিউডের জনপ্রিয় মেকআপ আর্টিস্ট। রাবিনা টেন্ডন এবং তার কন্যা রাসা থাডানির সঙ্গে কাজ করেছেন।