রাজধানীর ওয়ারীতে ছিনতাইয়ের ঘটনায় দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, তাওহীদ ইসলাম ও মো. শিমুল হোসেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ১ লাখ ৬৩ হাজার টাকা ও ছিনতাই কাজে ব্যবহৃত একটি নম্বরপ্লেট বিহীন প্রাইভেটকার উদ্ধার করা হয়।
ওয়ারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান জানান, গত ১৫ ডিসেম্বর সকাল পৌনে সাতটার দিকে জনৈক মুরগি ব্যবসায়ী ও তার কর্মচারী মুরগি বিক্রির ছয় লাখ টাকা নিয়ে কাপ্তানবাজার থেকে বাসার উদ্দেশ্যে পায়ে হেটে রওয়ানা দেন। সকাল সাতটার দিকে ওয়ারী থানার জয়কালী মন্দিরস্থ হোল্ডার স্ট্রিটে সরকার ফুয়েল পাম্প সার্ভিসের সামনে একটি প্রাইভেটকার তাদের গতিরোধ করে। প্রাইভেটকার থেকে তিনজন ছিনতাইকারী নেমে ভয়ভীতি দেখিয়ে তাদের সাথে থাকা টাকার ব্যাগটি জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে ওয়ারী থানায় মামলা করা হয়।
তিনি আরও বলেন, মামলা করার পর ঘটনাস্থল থেকে প্রাপ্ত সিসিটিভির ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হয়। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় গ্রেপ্তারকৃতদের অবস্থান শনাক্ত করে গতকাল বুধবার ডেমরা থানার ডগাইর পূর্ব পাড়া এলাকা হতে তাওহীদ ও সবুজবাগ থানার উত্তর মান্ডা এলাকা হতে শিমুলকে গ্রেপ্তার করা হয়।