গণপিটুনির জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাস হতে চলেছে ভারতে। কার্যত বিরোধীশূন্য লোকসভায় নতুন তিনটি ফৌজদারি আইনসংক্রান্ত বিল পাস হয়েছে। নতুন বিলগুলোতে নারী ও শিশুসহ সমাজের প্রত্যেক নাগরিকের সুরক্ষা সুনিশ্চিত করার কথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা অধিবেশনে দাঁড়িয়ে বিলগুলোর ওপর বক্তব্য দেন।
বিলগুলো নিয়ে আগে থেকেই প্রশ্ন তুলে আসছিল লোকসভার বিরোধীগুলো। চলতি অধিবেশনে রঙবোমা কা-ের প্রতিবাদ করে এরই মধ্যে সাময়িক বরখাস্ত হয়েছেন দুই কক্ষের ১৪৩ জন বিরোধীদলীয় সদস্য (এমপি)। বলা যায়, বিজেপি ও তার শরিকদের একক নিয়ন্ত্রণে লোকসভা চলছে। গত বুধবার বিরোধীশূন্য লোকসভায় পাস করিয়ে নেওয়া হয় বিল তিনটি। এরপর তা পেশ হবে রাজ্যসভায়। সেখানে অনুমোদনের পর পাঠানো হবে রাষ্ট্রপতির স্বাক্ষরের জন্য।
ভারতের সংঘবদ্ধ জনতার হাতে আক্রান্ত হয়ে অনেকবার মৃত্যুর ঘটনা দেখা গেছে। দেখা গেছে, সংখ্যাগরিষ্ঠ ধর্মমতের মানুষের রোষের মুখে পড়ে মুসলিম, দলিতরা এসব আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছেন। এসব ঘটনার লাগাম টানতেই আইনটি হচ্ছে।