উপস্থাপিকা যখন অভিনেত্রী

বছরজুড়ে উপস্থাপনা নিয়েই ব্যস্ত থাকেন লাস্যময়ী উপস্থাপিকা নীল হুরেজাহান। মিষ্টি কথার জাদুতে মাতিয়ে রাখেন দর্শকদের। উপস্থাপনার বাইরে মাঝে মাঝেই তাকে অভিনয় করতে দেখা যায় তবে নিয়মিত নয়। সদ্যই শেষ করলেন নতুন একটি ওয়েব ফিল্মের কাজ, নাম ‘ক্রিমিনালস’।

নারীপ্রধান গল্পের এই সিনেমাটি নির্মাণ করেছেন ফরহাদ আহমেদ। এখানে নীলকে দেখা যাবে সহজ সরল গৃহবধূ নীলা বোসের চরিত্রে। রাজধানীর ঢাকা ও সাভারের বিভিন্ন লোকেশনে টানা আটদিন শুটিং হয় এর। নীল হুরেজাহান দেশ রূপান্তরকে বলেন, ‘খুবই চমৎকার একটা গল্প। তিনটা আলাদা মেয়ের গল্প একসঙ্গে হয় একটা অপরাধী চক্রকে খুঁজতে। অপরাধী খুঁজতে গিয়ে মেয়েগুলো নিজেই অপরাধে জড়িয়ে যায়। কেন কীভাবে কী হয়, সেটা জানতে হলে ফিল্মটি দেখতে হবে।’

তিনি আরও বলেন, ‘টানা শো উপস্থাপনা করার কারণে অভিনয়ের জন্য খুব একটা সময় বের করতে পারি না। অভিনয়ের জন্য আলাদা প্রস্তুতির দরকার থাকে, সময়ের দরকার। সুন্দর গল্প, চরিত্র পেলে চেষ্টা করি সামঞ্জস্য রেখে কাজ করার। ‘ক্রিমিনালস’ এর গল্প শুনে খুবই পছন্দ হয়। আমার চরিত্রটা দারুণ এবং আরও যে দুজন নারী রয়েছেন তানজিকা এবং চমক তাদেরটাও। এরকম একটা নারীপ্রধান সুন্দর গল্পে কাজটি করতে পেরে ভালো লাগছে। টানা আটদিন শুটিং করেছি, খুবই চমৎকার অভিজ্ঞতা।’

তিনজনই এ সময়ের অভিনেত্রী। দর্শকের কাছে নিজেদের আলাদা পরিচিতি তৈরি করেছেন। তবে একসঙ্গে, একই প্রজেক্টে কাজ করা হয়নি। এবার সেটাই হলো নির্মাতা ফরহাদ আহমেদের ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’-র সূত্রে।

বলা হচ্ছে, অভিনেত্রী তানজিকা আমিন, রুকাইয়া জাহান চমক ও নীল হুরেজাহানের কথা। মুখ্য চরিত্রের শিল্পী হয়ে তারা পর্দায় আসছেন ছবিটির। যেটা দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে-তে।

সিনেমাটির গল্পে দেখা যাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী; তারা একত্র হয় একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যেটার জন্য তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ক্রিমিনাল। আবার কাক্সিক্ষত লক্ষ্যে না পৌঁছাতে পারলে ভবিষ্যৎ পড়বে চরম অনিশ্চয়তায়। চুমকি, নীলা আর বীথি একটি টিম হয়ে ধ্বংস করতে নামে এমন একটা বড় শক্তিকে; যে এত দিন নিজেকে রেখেছে সবার ধরাছোঁয়ার বাইরে। একদিকে জীবনের টানাপড়েন, অন্যদিকে অসম্ভব বাধা, দুটোকে অতিক্রম করে তিন নারী কি সত্যি তাদের লক্ষ্য অর্জন করতে পারবে? নাকি কেবলই অপরাধী হয়ে, ক্রিমিনাল পরিচয়েই থেকে যাবে আজীবন? প্রশ্নের উত্তর মিলবে ‘ক্রিমিনালস’-এ।

নীল হুরেজাহান ছাড়াও সিনেমাটির আরও দুই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন ও রুকাইয়া জাহান চমক। তারা ছাড়াও এতে দেখা যাবে আবু হুরায়রা তানভীর, ইরফান সাজ্জাদ, শাহরিয়ার রানাকে। জানা গেছে, নতুন বছরে এটি দীপ্ত প্লে-তে মুক্তি পাবে।

এদিকে আজ শুক্রবার একটি ফ্লাইটে দুবাই যাচ্ছেন নীল। সেখানে তিনি বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত অতিথিদের সঙ্গে গ্লোবাল বিজনেস কনফারেন্সে অংশ নেবেন। একশো বাংলাদেশি ‘প্রফেশনাল অ্যান্ড ক্যারিয়ার উইমেন’ হিসেবে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন এই সুন্দরী। বিশেষ অতিথি হিসেবে থাকার পাশাপাশি দুদিনব্যাপী এই কনফারেন্স উপস্থাপনাও করবেন তিনি।