দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার শুরুর পর থেকে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের ওপর হামলা, ভাঙচুরসহ নানা অনিয়মের অভিযোগ উঠছে। মাদারীপুরের কালকিনিতে গতকাল বৃহস্পতিবার স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা হয়েছে। এতে ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া মুন্সীগঞ্জে পোস্টার লাগানো নিয়ে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থককে ছুরিকাঘাত ও পিটিয়েছে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা। অন্যদিকে কুমারখালীতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের গাড়ি ভাঙচুর ও সিংড়ায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা হয়েছে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর :
মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর মিছিলে বোমা হামলা হয়েছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মাদারীপুরের কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের মৃধাবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন তোফাজ্জল হোসেন গেন্দু কাজী (৫০), ভ্যানচালক সোহেল হোসেন (৩৫), ইয়াদুল হক (৩২), ইয়াকুব সরদার (৩৬), সাইদুর রহমান (৩৪) প্রমুখ। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া কয়েকজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা যায়, মাদারীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের পক্ষে ঈগল মার্কার মিছিল বের করেন তার কর্মী-সমর্থকরা। এ সময় নৌকার প্রার্থীর লোকজন বাধা দেয়। পরে মিছিলে হঠাৎ অর্ধশত হাতবোমা নিক্ষেপ করে বলে অভিযোগ ওঠে। এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। হাতবোমায় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজমুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতয়েন করা আছে। এ ব্যাপারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ফরিদপুর : ফরিদপুর-৩ (সদর) আসনে পোস্টার লাগানোকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী শামীম হক ও স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয়পক্ষের একজন করে দুজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ফরিদপুর-৩ (সদর) আসনের আওয়ামী লীগের প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাদের আজাদের বিরুদ্ধে মিথ্যা প্রচারণাসহ নানা অভিযোগ এনেছেন। গতকাল সন্ধ্যার পর ফরিদপুর প্রেস ক্লাবের হলরুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ অভিযোগ করেন।
মুন্সীগঞ্জ: জেলা সদরের চরাঞ্চলে মুন্সীগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের এক সমর্থক আব্দুল সামাদ মোল্লাকে (৩৪) ছুরিকাঘাত ও পিস্তলের বাট দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। পোস্টার লাগানোকে কেন্দ্র করে গতকাল বিকেলে সদর উপজেলার আধারা ইউনিয়নের রাঢ়ীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার জন্য আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের দোষারোপ করা হয়েছে।
আহত সমর্থক সামাদ মোল্লা দাবি করেন, পোস্টার লাগাতে গেলে তাকে কাঁচি দিয়ে আঘাত ও পিস্তলের বাট দিয়ে পেটায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়ার লোকজন।
এ প্রসঙ্গে সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুরুজ মিয়া বলেন, আমি সেখানে ছিলাম না। কাঁচি প্রতীকের ক্যাম্পের সামনে পোস্টার লাগানোর সময় আমার লোক বাদশার সঙ্গে কথা-কাটাকাটি ও একপর্যায়ে মারামারি হয়।
সদর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। লিখিত অভিযোগ পাওয়া মাত্র ব্যবস্থা নেওয়া হবে।
কুমারখালী (কুষ্টিয়া) : কুষ্টিয়া-৪ কুমারখালী-খোকসা আসনের স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফের ট্রাক মার্কা প্রতীকের নির্বাচনী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানের সভায় জেলা আওয়ামী লীগের জ্যৈষ্ঠ সহসভাপতি মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খানের গাড়ি ভাঙচুর করেছে নৌকার প্রার্থীর সমর্থকরা। গত বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের সোন্দাহ নন্দলালপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
মনিরামপুর (যশোর) : যশোর-৫ মনিরামপুর আসনে নৌকা প্রতীকের প্রার্থী ও স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী একে অন্যকে দোষারোপ করে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন। দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। তারই প্রেক্ষাপটে নৌকা প্রতীকের প্রার্থী স্বপন ভট্টাচার্য্য সংবাদ সম্মেলনে স্বতন্ত্র প্রার্থী ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নানা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
শরীয়তপুর : শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর এ অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য খালেদ শওকত আলী।
সাভার : ঢাকা-১৯ আসনে আওয়ামী লীগের দুই স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা চালিয়ে ভাঙচুর, কর্মী-সমর্থকদের মারধর ও হুমকির অভিযোগে আওয়ামী লীগ নেতাসহ তিনজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি। গত বুধবার ঢাকা-১৯ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারী জজ জাকির হোসেন তাদের তিনজনকে পৃথক তিনটি কারণ দর্শানোর নোটিস দেন।
নোটিস প্রাপ্তরা হলেন সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেল, সাভার পৌরসভার কাতলাপুরের সাবেক ছাত্রদল নেতা মো. বাবু ও পলাশ।
সিংড়া (নাটোর) : সিংড়ায় স্বতন্ত্র প্রার্থী (ঈগল) শফিকুল ইসলাম শফিকের কর্মীদের ওপর হামলার ঘটনায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল সকালে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সাবেক ছাত্রলীগ নেতা মো. তাজুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে ট্রাকপন্থি এক ইউপি সদস্যের (মেম্বার) মারধরে নৌকাপন্থি সংখ্যালঘু এক শীল আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সকালে উপজেলার টানবড়ইবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
জামালপুর : মদ পান করে জামালপুর-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিপুল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ। গতকাল মধ্যরাতে জামালপুর শহরের জিগাতলা বন্দেরবাড়ি এলাকায় তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সে নিজেকে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক হিসেবে পরিচয় দেন।
ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পোস্টার ছিনিয়ে নেওয়ার অভিযোগে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন এ জরিমানা করেন। ছাত্রলীগের ওই নেতার নাম শেখ মঞ্জুর ই মাওলা ফারহান।