নানা অনিয়ম দুর্নীতির অভিযোগে দীর্ঘদিন থেকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকায় ন্যাশনাল ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি নতুন করে ৭ পরিচালক দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দেওয়া হয়েছে। এর মাধ্যমে বোর্ড থেকে বাদ পড়েছেন জয়নুল হক সিকদারের দুই ছেলে রওন হক সিকদার ও রিক হক সিকদার। তবে নতুন বোর্ডেও থাকছেন জয়নুল হক সিকদারের মেয়ে পারভিন হক শিকদার।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বলেন, দীর্ঘদিন ধরেই ন্যাশনাল ব্যাংকে সুশাসন নিয়ে প্রশ্ন ছিল। তাই ন্যাশনাল ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংক আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠন করে দিয়েছে। এর মাধ্যমে ব্যাংকটিতে সুশাসন ফিরে আসবে বলেও মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের এই শীর্ষকর্তা।
নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন সৈয়দ ফারহাত আনোয়ার। যিনি বর্তমানে মেঘনা ব্যাংকের স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করছেন। এছাড়া পরিচালক হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল হোসেন, খলিলুর রহমান, পারভিন হক সিকদার, শফিকুর রহমান এবং মোয়াজ্জেম হোসেন।
নতুন পরিচালনা পর্ষদে স্থান পেয়েছেন আগের পরিচালনা পরিষদের তিনজন পরিচালক। বাকি পরিচালকদের অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়েছে।
এর আগে ৮ সদস্যের পরিচালনা পর্ষদ ছিল ন্যাশনাল ব্যাংকের। সে পর্ষদে চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন, মনোয়ারা শিকদার। নতুন বোর্ডে তাকে পরিচালক হিসেবেও রাখা হয়নি। এছাড়া বাদ পড়েছেন, আগের পর্ষদের পরিচালক রণ হক সিকদার, রিক হক সিকদার, জাকারিয়া তাহের, নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা ও মুর্শিদকুলি খান।