মুন্সীগঞ্জ সদরে আওয়ামী লীগ প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নৌকা প্রতীকের সমর্থন করায় চাচাতো ভাইকে পেটানোর অভিযোগ উঠেছে যুবলীগ নেতার বিরুদ্ধে।
আজ শনিবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার গুহেরকান্দি গ্রামে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আফজাল হাওলাদারের বিরুদ্ধে তার চাচাতো ভাই ওমর ফারুক হাওলাদারকে (৫২) পেটানোর এ অভিযোগ ওঠে। অভিযুক্ত যুবলীগ নেতা দলের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের (কাঁচি প্রতীক) সমর্থক। আহত অবস্থায় নৌকার সমর্থক ওমর ফারুককে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহত ওমর ফারুক জানান, তিনি দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। তিনি নৌকা প্রতীকের প্রচারে অংশ নিয়ে আসছেন। এর জেরে শনিবার সকালে আপন চাচাতো ভাই যুবলীগ নেতা আফজাল দলবল নিয়ে বাড়ি গিয়ে তার ওপর চড়াও হন। এসময় তাকে লাঠিসোঁটা দিয়ে পেটায় তারা।
ঘটনা সম্পর্কে জানতে চাইলে সদর উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন দেশ রূপান্তরকে বলেন, আমি কাউকে মারিনি। জায়গা-জমি নিয়ে পারিবারিক বিরোধে কেউ মেরে থাকতে পারে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান বলেন, নৌকার সমর্থককে পিটিয়ে আহত করার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা নেওয়া হবে।