কর্ণাটকের স্কুলে হিজাব নিষেধাজ্ঞা বাতিল হচ্ছে

কর্ণাটকে সরকারি স্কুল থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। গত শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার একটি বক্তব্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি ইতিমধ্যেই সরকারি কর্তাদের ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন। কর্ণাটক রাজ্যের কংগ্রেস-শাসিত সরকারের মুখ্যমন্ত্রী বলেন, কে কী পরবেন, কে কী খাবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তা ঠিক করা হয়। সরকার কেন ব্যক্তির সেই অধিকারে নাক গলাবে? যার যা খেতে ইচ্ছা করে, সে তাই খাবে। যার যা পরতে ইচ্ছা করে, তাই পরবে। আমি ধুতি পরি। কেউ প্যান্ট পরে। এতে কার কী বলার থাকতে পারে? অন্যায়ই-বা কোথায়?’ বিজেপি পোশাক, জাত, খাদ্যাভ্যাস নিয়ে বিভেদ সৃষ্টি করছে।