আজ রাতেই বিয়ে করছেন আরবাজ?

খান পরিবারে অনেক বছর পরে বিয়ের সানাই। 'সিঙ্গল' নাম ঘুচিয়ে বিবাহিত হতে চলেছেন সালমান খানের মেজ ভাই আরবাজ খান। মালাইকা আরোরার সঙ্গে বিবাহবিচ্ছেদের পর একটা লম্বা সময় সম্পর্কে ছিলেন মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে।

কয়েক সপ্তাহ আগেই আরবাজ় খানের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিশ্চিত করেছেন প্রাক্তন প্রেমিকা জর্জিয়া। বিচ্ছেদের মাসখানেকের মাথায় ২৪ ডিসেম্বরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন আরবাজ। মুম্বাইয়ের রূপটান শিল্পী সুরা খানের সঙ্গে দ্বিতীয়বার বিয়ে করতে যাচ্ছেন আরবাজ। এমন খবরে যখন মুখরিত মায়ানগরী, সেই আবহেই ২৩ ডিসেম্বর সন্ধ্যায় মুম্বাই পুলিশের এক অনুষ্ঠানে হাজির হন অভিনেতা।

সুরার সঙ্গে আরবাজের বিয়ের খবর প্রকাশ হতেই আলোকচিত্রীরা মস্করা করতে শুরু করেন আরবাজের সঙ্গে। জিজ্ঞেস করেন, "কাল কখন আসছি তা হলে?" এমনকি, তাঁরা কোথায় বিয়ে করতে চলেছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয় তাঁকে, যাতে আলোকচিত্রীরা সেখানে পৌছতে পারেন এবং তাঁদের ছবি তুলতে পারেন। এত বার বিয়ে নিয়ে আলোচনার জেরে রীতিমতো লজ্জায় লাল হয়ে ওঠেন আরবাজ। ছোট্ট একটা অভিব্যক্তিতে বুঝিয়ে দেন সবটা। আরবাজ ‘অ্যানিম্যাল’ ছবিতে ববি দেওলের মুখে আঙুল দেওয়া পোজ দিয়ে বুঝিয়ে দেন, সবটাই ব্যক্তিগত রাখতে চাইছেন তিনি।

‘পটনা শুক্লা’-র সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই নাকি বন্ধুত্ব তৈরি হয় আরবাজ এবং সুরার মধ্যে। সেই বন্ধুত্বই গড়ায় প্রেমে। বলিপাড়ার অন্দরের খবর, নিজেদের প্রেমকে পরিণতি দিতে আগ্রহী তাঁরা দু’জনেই। সেই কারণেই নাকি তড়িঘড়ি বিয়ের প্রস্তুতি নিয়েছেন তাঁরা। কানাঘুষো, বড়দিনের এক দিন আগে ব্যক্তিগত পরিসরেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন আরবাজ এবং সুরা। তাঁদের বিয়ের অনুষ্ঠানে নাকি আত্মীয় স্বজন এবং কাছের বন্ধুরাই উপস্থিত থাকবেন।

সূত্র-আনন্দবাজার