প্রতীক বরাদ্দের এক সপ্তাহ পর মাঠে নামলেন মাশরাফী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের এক সপ্তাহ পর নির্বাচনী প্রচারণায় নেমেছেন নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজা। রবিবার (২৪ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নড়াইলের লোহাগড়ার মধুমতি এলাকা থেকে তিনি প্রচারণা শুরু করেন। 

জানা গেছে, মধুমতি সেতু এলাকায় প্রথম পথসভায় যোগ দেন মাশরাফী। এরপর লোহাগড়ার আলামুন্সির মোড়, সিএন্ডবি চৌরাস্তা, লোহাগড়া উপজেলার দলীয় কার্যালয়, এড়েন্দা বাজার, নড়াইল সদর উপজেলার মাইজপাড়াসহ বিভিন্ন স্থানে পথসভায় অংশগ্রহণ করেন।

পথসভায় মাশরাফি বিন মর্তুজা বলেন, ‘পাঁচ বছর আগে নৌকা প্রতীক নিয়ে নড়াইলে আসার পথে ফেরিতে পার হয়েছিলাম। প্রধানমন্ত্রীর হাত ধরে এখানে দেশের প্রথম ছয় লেনের সেতু তৈরি হয়েছে। এ বছর নির্বাচিত হলে এলাকার উন্নয়নে জীবন বাজি রেখে কাজ করবো।’

আগামী ৭ জানুয়ারি ভোটারদেরকে ভোটকেন্দ্রে গিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।

লোহাগড়া উপজেলা এলাকায় পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিন মুন্সী, সিনিয়র সহ-সভাপতি  এ.কে.এম. ফয়জুল হক রোম, সাধারণ সম্পাদক পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাজ্জাদ হোসেন মুন্না, মল্লিকপুর ইউপি চেয়ারম্যান মো. সাহিদুর রহমান, সাবেক চেয়ারম্যান মো. মোস্তফা কামাল, দিঘলিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ বোরহান উদ্দিন,  কোটাকোল ইউপির সাবেক চেয়ারম্যান খান জাহাঙ্গীর আলম, যুবলীগ সভাপতি সাবেক  পৌর মেয়র মো. আশরাফুল আলম। এছাড়াও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।