আরবাজের বিয়ের সাক্ষী ছেলে আরহান! 

বলিউডের আদর্শ দম্পতি হিসাবেই একটা সময় পরিচিত ছিলেন আরবাজ-মালাইকা। ছেলেকে নিয়ে ছিল সুখে সংসার। তবে ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্যে ইতি টানেন দুজনে। এরপর বিদেশি জর্জিয়াকে মন দেন সালমানের ভাই। চলতি মাসের শুরুতে জানা যায় পথ আলাদা হয়েছে দুজনের।

মাস ঘোরার আগেই বিয়ের পিঁড়িতে আরবাজ। আজ ঘরোয়া আয়োজনে দ্বিতীয় বিয়ে সারছেন বলিউডের এই অভিনেতা-প্রযোজক। সপ্তাহ খানেক আগেই মেকআপ শিল্পী সুরা খানের সঙ্গে আরবাজের নতুন প্রেমের গুজব রটেছিল। সেই জল্পনাকে সত্যি প্রমাণিত করে এদিন নিকাহ সারছেন দুজনে।

আরবাজের বোন অর্পিতা খান শর্মার বাড়িতে বসেছে বিয়ের আসর। ইসলামি রীতিনীতি মেনে বিয়ে করবেন দুজনে। দুই পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই হবে বিয়ে। 

বিশেষ দিনের জন্য বোনের বাড়িতে জিনস আর টি-শার্টেই হাজির আরবাজ। ওয়েডিং লুক বিয়ের পরেই দেখা মিলবে তা স্পষ্ট। বাবার বিয়েতে পৌঁছেছে আরবাজ-মালাইকার একমাত্র পুত্র আরহান খানও। মিডিয়ার ক্যামেরা এড়িয়ে চট জলদি এদিন ভিতরে প্রবেশ করে আরহান। কালো টি-শার্ট আর ফরম্যাল প্যান্টে দেখা মিলল আরবাজ পুত্রের। নীল ব্লেজার আর স্নিকার্সে দেখা মিলল সোহেলের। 

ছেলের বিয়ের অনুষ্ঠানে পৌঁছেছেন সেলিম খান ও সালমা খানও। দেখা মিলল হেলেনের। পাপারাৎজিদের ক্যামেরার সামনে ছোট ছেলেকে নিয়ে পোজ দিলেন সোহেল। তবে এখনও দেখা মেলেনি সালমান খানের। পৌঁছেছেন ঋদ্ধিমা পণ্ডিত, ইউলিয়া ভান্তুর, সোহা আলি খান-সহ খান পরিবারের ঘনিষ্ঠরা।

আরবাজের বিয়ের ভেনু থেকে একের পর এক ভিডিও ভাইরাল। যা দেখে নেটিজেনদের একটাই প্রশ্ন, মালাইকা আর অর্জুনও কি আসবে এই বিয়েতে? ৬ বছর আগে বিয়ে ভাঙলেও এখন ছেলের জন্য মাঝেমধ্যেই একসঙ্গে দেখা যায় আরবাজ-মালাইকাকে। আরহানের পাশে সবসময়ই রয়েছে তার বাবা-মা। 

জানা গেছে, আরবাজ খানের নতুন ছবি পাটনা শুক্লার সেটেই সুরার সঙ্গে আলাপ তার। সেখান থেকেই প্রেমে পড়েন। প্রেমের সম্পর্ককে এবার একধাপ এগিয়ে নিয়ে যাচ্ছেন দুজনে। রাবিনা ট্যান্ডন ও তার মেয়ে রাশা থডানির মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেন সুরা।