পোশাকের প্রবৃদ্ধি বাড়াতে প্রযুক্তি কাজে লাগানোর তাগিদ

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান ফ্যাশন জগতের পরিবর্তনশীল চিত্রপটে শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা সহকারে জ্ঞানসমৃদ্ধ হওয়ার ওপর জোর দিয়েছেন। গতকাল রবিবার ঢাকার উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (এসইআইপি) এবং বিজিএমইএর যৌথ উদ্যোগে আয়োজিত ‘এসইআইপি’তে সুযোগ ও সম্ভাবনা এবং পোশাক শিল্পে সম্ভাব্য ক্যারিয়ার গঠন (অপরচুনিটিস অ্যান্ড প্রসপেক্টস ইন এসইআইপি অ্যান্ড প্রোবাবল ক্যারিয়ার বিল্ড-আপ ইন দ্য আরএমজি সেক্টর)’ শীর্ষক সেমিনারে তিনি এ বিষয়ে কথা বলেন।

ফারুক হাসান তার বক্তৃতায় ফ্যাশন শিল্পের পুনর্নির্মাণে প্রযুক্তি, বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার অগ্রগতি যে গভীর প্রভাব রাখছে, তা তুলে ধরেন।

তিনি বলেন, ডিজাইন থেকে উৎপাদন পর্যন্ত  প্রযুক্তি বিভিন্ন ক্ষেত্র, বিশেষ করে দক্ষতা, সাসটেইনেবিলিটি এবং সৃজনশীলতাকে অভূতপূর্ব উপায়ে চালিত করছে। বাংলাদেশের পোশাক শিল্পকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বর্তমান প্রজন্মের দ্বারা প্রযুক্তির শক্তিকে কাজে লাগাতে হবে।

বিজিএমইএ ক্যারিয়ার সামিট এবং ফেস্ট ২০২৩ এর সাইডলাইনে অনুষ্ঠিত সেমিনারে অতিরিক্ত সচিব ও এসইআইপি এর নির্বাহী প্রকল্প পরিচালক ফাতেমা রহিম ভীনা, বিজিএমইএ এর সহ-সভাপতি (অর্থ) খন্দকার রফিকুল ইসলাম এবং যুগ্মসচিব ও এসইআইপি এর উপ-নির্বাহী পরিচালক ডা. মো. সানোয়ার জাহান ভূঁইয়াসহ অতিথিরা অংশগ্রহণ করেন।

সেমিনারে বিজিএমইএ-এসইআইপি প্রকল্পের প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন এবং ইভেন্টে অতিথিরা প্রযুক্তিগত অগ্রগতির বিকাশের মুখে পোশাক শিল্পের সম্ভাবনা এবং দক্ষতা বিকাশের গুরুত্ব বিষয়ে তাদের অভিমত তুলে ধরেন।