ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেলো মা-ছেলের

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার কাকিনা চাপারতল এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মা রিনা বেগম(২৫) কাকিনা মৈশামুড়ি এলাকার মনির হোসেন বাবুর স্ত্রী। ছেলে রায়হান হাসান (২) মনিরের একমাত্র সন্তান।

স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, রাতে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক দিয়ে হাতিবান্ধা থেকে বাড়ি ফিরছিলেন বাবা মনির হোসেন বাবু, মা রিনা বেগম ও ছেলে রায়হান হাসান। মোটরসাইকেলটি কালীগঞ্জ উপজেলার কাকিনা চাপারতল এলাকায় পৌঁছালে পাথর বোঝাই একটি ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ চালক মনির হোসেন বাবু সড়কের পাশে ছিটকে পড়েন। কিন্তু রিনা ও তার ছেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক আল আমিন হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে গেছে। আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।