বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ফজলুর রহমানের বড় ভাই মো. শাহজাহান জানান, গতকাল রাত ২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এই শিল্পপতি। এরপর চিকিৎসকের পরামর্শে তাকে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদ আসর নামাজের পর গেন্ডারিয়া ধূপখোলা মাঠে ফজলুর রহমানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
তার পরিবারের সদস্য ও সিটি গ্রুপের কর্মকর্তারা জানিয়েছেন, মৃত্যুর আগের দিনও তিনি অফিস করেন। এরপর নিয়মিত সব কাজ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টায় অফিস থেকে বের হন।
রাজধানীর গুলশানে নিজ বাসায় ফজলুর রহমানের মরদেহ আনার পর সকাল থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের শোক প্রকাশ করেন। একইসঙ্গে তারা ফজলুর রহমানের বিষয়ে স্মৃতিচারণা করেন।
ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেওয়ার মাধ্যমে কার্যক্রম শুরু হয় সিটি গ্রুপের। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংসহ নানা খাতে বিনিয়োগ করতে শুরু করে। নব্বই দশকের শুরুর দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। এরই ধারাবাহিকতায় বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান।