দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে বিভিন্ন নির্বাচনী এলাকা। ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে প্রচার-প্রচারণায় বাধা, হামলা, হুমকি, কর্মীদের মারধর, নির্বাচনী কার্যালয়ে আগুন, ভাঙচুরসহ সহিংস বিভিন্ন ঘটনা ততই বাড়ছে। এরই ধারাবাহিকতায় গত রবিবার রাত থেকে গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সময়ে নতুন করে আরও কয়েকটি সংসদীয় আসনে সহিংসতার ঘটনা ঘটেছে। এর মধ্যে টাঙ্গাইলে নৌকার মিছিলে গুলিতে তিনজন আহত, কুমিল্লার চান্দিনায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ককে কুপিয়ে জখম, লালমনিরহাটের হাতীবান্ধায় স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার কর্মীদের ওপর হামলা এবং মুন্সীগঞ্জ সদরে নৌকার নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচারণায় নামা ৩৫ মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।
টাঙ্গাইল-৫ আসনের নৌকার প্রার্থী মামুনুর অর রশিদ মামুনের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। এতে নৌকার তিন সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। রবিবার রাতে সদর উপজেলার বাঘিল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এই আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের ছয় সমর্থকের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় ২০ থেকে ২৫ জনকে আসামি করে সদর থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহতরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, কর্মী এমদাদুল হক ও সিয়াম। তাদের উন্নত চিকিৎসার জন্য গতকাল ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন আব্দুর রাজ্জাক ও আকাল মিয়া ওরফে আকালু।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় চান্দিনা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহ্বায়ক জহিরুল ইসলাম মুন্সীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে নৌকার সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বিকেলে উপজেলার গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক আবুল খায়ের, বড়কড়ই ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মহিউদ্দিন ও গাড়িচালক ইউসুফ। আহতরা স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুনতাকিম আশরাফ টিটুর অনুসারী। এ আসনে নৌকার প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত।
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে রবিবার রাতে আবারও ঈগল প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও নৌকার কর্মীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। একই রাতে মিলন বাজার এলাকায়ও হামলা-ভাঙচুর করা হয়। এসব ঘটনায় স্বতন্ত্র প্রার্থী আতাউরর রহমান প্রধানের আট কর্মী আহত হয়েছেন। তাদের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন বিপ্লব হোসেন (১৯), অর্ণব (২৪) ও মাছুম মিয়া (২৮), সাজ্জাদ হোসেন (২১), মনির হোসেন (২০), বাদল মিয়া (৩৮), রমজান আলী (৩২), আল আমিন (১৮)। তারা বর্তমানে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।
মুন্সীগঞ্জ জেলা সদরের চরাঞ্চলের মোল্লাকান্দিতে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার গভীর রাতে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে এ ঘটে। এর জন্য এ আসনে দলের স্বতন্ত্র প্রার্থী হাজী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকদের দায়ী করা হয়েছে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়ায় স্বতন্ত্র প্রার্থী শাহাজাহান ভূঁইয়ার পক্ষে প্রচারণায় নামা ৩৫ মুক্তিযোদ্ধার ওপর হামলা ও মারধরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) সমর্থিত ইউপি সদস্য শমসের আলী ও তার লোকজনের বিরুদ্ধে। গতকাল দুপুরে উপজেলার মঠেরঘাট এলাকায় রূপগঞ্জ প্রেস ক্লাব কার্যালয়ে হামলা ও মারধরের অভিযোগ এনে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলন করেন। এ ঘটনায় মুক্তিযোদ্ধা চাঁন মিয়া বাদী হয়ে ইউপি সদস্য শমসেরসহ ২০-৩০ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
স্বতন্ত্র প্রার্থীর কর্মী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার : মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও ওয়ার্ড আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনার মূল পরিকল্পনাকারী বিল্লাল খানকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল ভোরে গাজীপুর থেকে তাকে গ্রেপ্তার করেন মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। বিল্লাল কালকিনি উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ভাটাবালী গ্রামের মোকলেস খানের ছেলে। গতকাল বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাসুদ আলম।
সংশ্লিষ্ট জেলা-উপজেলার প্রতিনিধিদের পাঠানো তথ্যে প্রতিবেদনটি তৈরি