বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলের নেতারা বলে আসছেন তারা একতরফা নির্বাচন প্রতিহত করবেন। এ লক্ষ্যে তারা কর্মসূচিও পালন করছেন। এরই মধ্যে গতকাল মঙ্গলবার রাজধানীতে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ‘সরকার প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় এলেও জনগণের প্রতিরোধে ক্ষমতায় টিকে থাকতে পারবে না।’ তার এই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন দলের নেতারা। তবে বিশ্লেষকদের মতে, ‘বিএনপি নেতারা হয়তো বুঝতে পেরেছেন সরকার অতীতের মতো আবারও একতরফা নির্বাচন করে ফেলবে। আর আওয়ামী লীগ নির্বাচন করে ফেললে তারা টিকে যাবেন।’ নজরুল ইসলাম খানের এমন বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির এক সম্পাদক দেশ রূপান্তরকে বলেন, ‘স্থায়ী কমিটির সদস্যরা দলের নীতিনির্ধারক। আন্দোলন-সংগ্রাম চলাকালে তার মতোন একজন গুরুত্বপূর্ণ নেতার এমন বক্তব্যে তৃণমূলে ভুল বার্তা যাবে। তাদের বক্তব্য দেওয়ার সময় সতর্ক হতে হবে।’
এমন বক্তব্যের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘যিনি এমন বক্তব্য দিয়েছেন তিনিই এর ব্যাখ্যা দিতে পারবেন। তবে এতদিন তারা নির্বাচন বর্জনের, নির্বাচন প্রতিহত করা নিয়ে যে বক্তব্য দিয়ে আসছেন সেখান থেকে হয়তো তারা সরে এসেছেন। কারণ রাজপথের আন্দোলন-সংগ্রাম সফল করতে হলে জনগণকে সম্পৃক্ত করতে হয়। কিন্তু বর্তমানে তাদের যে আন্দোলন তাতে জনগণের অংশগ্রহণ নেই। এ কারণে বিষয়টি বুঝতে পেরে হয়তো তিনি এমন বক্তব্য দিয়ে থাকতে পারেন।’
তিনি বলেন, ‘বিএনপি এর আগেও একাধিকবার আলটিমেটাম দিয়েছে। এর আগে বলেছে একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে চূড়ান্ত আন্দোলন। ১০ তারিখের পর আন্দোলন, ২০ তারিখের পর আন্দোলন। এ ধরনের ঘোষণায় জনমনে আতঙ্ক বিরাজ করে। বিশেষ করে ব্যবসায়ীরা বিদেশে অর্থ পাচার করেন দেশে অস্থিরতা বিরাজ করতে পারে এমন আশঙ্কায়। ছেলেমেয়েদের বিদেশে পাঠিয়ে দেন। এতে লাভবান হয় পশ্চিমা দেশগুলো। কারণ পাচারের টাকা তাদের দেশেই যায়। আফ্রিকা, রাশিয়া কিংবা চীনে যায় না পাচারের টাকা।’
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের সাবেক ভিসি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ দেশ রূপান্তরকে বলেন, ‘এতদিনে হয়তো তারা বাস্তবতা বুঝতে পেরেছেন যে তাদের আন্দোলন-সংগ্রাম সফল হচ্ছে না। তারা নির্বাচন প্রতিহত করতে পারবেন না। জনগণ তাদের আন্দোলন-সংগ্রামে তাদের প্রত্যাশা অনুযায়ী সম্পৃক্ত হচ্ছে না। সেই উপলব্ধি থেকে হয়তো তিনি এমন কথা বলেছেন।’
দ্বিতীয় দিনে লিফলেট বিতরণ : নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে পূর্বঘোষিত তিনদিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচির দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার রাজধানী ঢাকাসহ সারা দেশে সাধারণ জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছেন বিএনপিসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা। কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে লিফলেট বিতরণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
লিফলেট বিতরণ শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘সরকার একতরফাভাবে নির্বাচন করে নিলেও সরকার জনতার প্রতিরোধের মুখে টিকে থাকতে পারবে না। কারণ বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই। তাদের পতন নিশ্চিত। যে সরকারের প্রতি জনগণের সমর্থন থাকে না, তারা কিছুদিন একটা স্বৈরশাসন চালানোর চেষ্টা করতে পারে। কিন্তু তাদের অনিবার্য পরিণতি হলো পতন, নিশ্চিত পতন।’
তিনি বলেন, ‘আগামী ৭ জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে তা ডামি নির্বাচন। আওয়ামী লীগ ও তাদের নিজস্ব লোকেরা ছাড়া কেউ নির্বাচনে অংশ নিচ্ছে না। কাজেই নির্বাচন হচ্ছে না। এই যে অবৈধ নির্বাচন, নির্বাচনের খেলা, এই খেলা খেলতে গিয়ে মানুষের ওপর অত্যাচার-নির্যাতন হচ্ছে। আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি, নির্বাচনের নামে যে খেলা, যে প্রহসন, এটা বর্জন করুন। এই নির্বাচনে অংশগ্রহণের কোনো অর্থ হয় না। কারণ যাকেই ভোট দেবেন, আওয়ামী লীগই জিতবে। হয় তার দলের প্রার্থী, না হয় তার দলের বিদ্রোহী প্রার্থী, ডামি প্রার্থী কিংবা দলের সমর্থক কোনো দলের প্রার্থী।’ এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ আরও অনেকে।
এদিকে পুরান ঢাকার নিম্ন আদালত প্রাঙ্গণে অসহযোগ আন্দোলনের আহ্বানে বিএনপিপন্থি আইনজীবীরা লিফলেট বিতরণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ মিয়া আলম, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ও অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া রাজধানীর বেইলি রোডে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের নেতাকর্মীরা।
এছাড়া গণতন্ত্র মঞ্চ, ১২দলীয় জোট, সমমনা রাজনৈতিক জোট, আমার বাংলাদেশ পার্টি (এবি), গণঅধিকার পরিষদসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলো পুরানা পল্টন, জাতীয় প্রেস ক্লাব, মতিঝিল এলাকায় জনগণের মধ্যে লিফলেট বিতরণ করেছে।