বেপরোয়া বাস কেড়ে নিলো বাবা-ছেলের প্রাণ

নোয়াখালীর সোনাইমুড়ীতে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার জয়াগ ইউনিয়নের চাটখিল-সোনাইমুড়ী সড়কের জুনুদপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন— লিটন চন্দ্র দেবনাথ (৪৬) ও তার ছেলে প্রান্ত দেবনাথ (১০)। দুর্ঘটনায় লিটন চন্দ্র দেবনাথের বড় ছেলে প্রতাপ চন্দ্র দেবনাথও গুরুতর আহত হয়েছেন। লিটন উপজেলার জয়াগ ইউনিয়নের ভাটপাড়া গ্রামের সুনীল চন্দ্র দাসের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়াগ বাজার থেকে পল্লী চিকিৎসক লিটন চন্দ্র দেবনাথ তার দুই ছেলে প্রতাপ দেবনাথ ও প্রান্ত দেবনাথকে নিয়ে সকাল ১০টার দিকে নিজের বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে রওনা দেন। পথে মোটরসাইকেলটি উপজেলার জয়াগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ছোটকেগনা জুনুদপুর পোলের গোড়া এলাকায় পৌঁছলে নোয়াখালীগামী বেপরোয়া গতির জননী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লিটন ও তার দুই ছেলে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিটন ও তার ছোট ছেলেকে মৃত ঘোষণা করেন।  

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী দুর্ঘটনায় ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। বাসের চালক পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বাসটি আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।