আগামী ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত উচ্চ ও অধস্তন সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। আগামী রবিবারের মধ্যে আদালত বর্জনের এ সিদ্ধান্ত প্রধান বিচারপতিসহ সব বিচারককে চিঠির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।
গতকাল বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘৭ জানুয়ারি সরকার আরেকটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র, বিদ্রোহী, অনুগত প্রভৃতি হরেক রকম প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেওয়া হচ্ছে।’
কায়সার কামালের দাবি, ২৮ অক্টোবর থেকে আজ (গতকাল) পর্যন্ত সরকার বিরোধী দলের গণতন্ত্রকামী ২৩ হাজার ৪৬০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ৬৮৪টি মামলা করা হয়েছে। গত ১৬ সপ্তাহে ১ হাজার ৪৮২ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নুল আবেদীন প্রমুখ।