চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১ হাজার ৭০০ ছুঁইছুঁই করছে। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত) ঢাকার বাইরে একজন মারা গেছে। এ নিয়ে এ পর্যন্ত ১ হাজার ৬৯৯ জন মারা গেছে। এর আগে গত বছর সর্বোচ্চ ২৮১ জনের মৃত্যুর রেকর্ড ছিল। সে তুলনায় এবার ছয়গুণ বেশি মানুষ ডেঙ্গুতে মারা গেছে।
চলতি বছর সবচেয়ে বেশি মারা গেছে ঢাকায় ৯৭৮ জন, যা মোট মৃত্যুর ৫৮ শতাংশ। বাকি ৪২ শতাংশ বা ৭২১ জনের মৃত্যু হয়েছে ঢাকার বাইরে। মৃতদের মধ্যে বেশি নারী ৯৬৮ ও পুরুষ ৭৩১ জন। মৃত্যুহার শূন্য দশমিক ৫ শতাংশ।
অবশ্য আক্রান্ত অনুপাতে নারীদের মৃত্যু বেশি। মোট আক্রান্তের ৪০ শতাংশ নারী, কিন্তু মৃত্যু ৫৭ শতাংশ। অন্যদিকে মোট আক্রান্তের ৬০ শতাংশ পুরুষ, কিন্তু মৃত্যু ৪৩ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১৩৪ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০৬ জন বা ৭৯ শতাংশই ঢাকার বাইরের, বাকি ২১ শতাংশ বা ২৮ জন ঢাকার।
এ নিয়ে ঢাকার বাইরে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ১০ হাজার ৯৩৬ জন, যা মোট রোগীর ৬৬ শতাংশ। বাকি ৩৪ শতাংশ বা ১ লাখ ৯ হাজার ৮৯৯ জন ঢাকার।
এ মাসের গত ২৭ দিনে ডেঙ্গুতে মারা গেছে ৭৭ জন ও হাসপাতালে ভর্তি হয়েছে ৮ হাজার ৯৪৪ জন। এর আগের মাসে মৃত্যুর সংখ্যা ছিল ২৭৪ জন ও রোগী ৪০ হাজার ৭১৬ জন।