ভোটে পররাষ্ট্রমন্ত্রীর প্রতিদ্বন্দ্বী কে জানতে চাইলেন ইইউ প্রতিনিধিরা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী বিশেষজ্ঞ প্রতিনিধি দল সিলেটে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এবং বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে পৃথক বৈঠক করেছে। বুধবার (২৭ ডিসেম্বর) সিলেটে দুপুরে নগরীর একটি হোটেলে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের পর সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রীর বাসভবনে বৈঠকে মিলিত হন ইইউ প্রতিনিধি দল।

বৈঠক শেষে প্রেসব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইইউ প্রতিনিধিরা আসন্ন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে দীর্ঘ সময় কথা বলেছেন। আমি তাদেরকে জানিয়েছি বর্তমান আওয়ামী লীগ সরকার দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে দৃঢ় প্রতিজ্ঞ। এজন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। স্মার্ট ভোটার তালিকা করা হয়েছে, এতে কোনো ভুয়া ভোটার নেই। স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য যা যা প্রয়োজন সবই করেছে সরকার।’

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইইউ প্রতিনিধিরা আমার প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারেও জানতে চেয়েছেন। আমি তাদের জানিয়েছি, এখানে দুইজন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এরমধ্যে একজন আমার নিজ দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন, তিনি স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করেছেন। আরেকজন প্রার্থীও (জাপা মনোনীত প্রার্থী) স্বেচ্ছায় নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এটাকে নিজের সৌভাগ্য হিসেবে আখ্যা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দলে ছিলেন, রেবেকা কক্স ও শার্লোট সুয়েবেস। এর আগে বেলা ১২টার দিকে সিলেট বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গে তারা বৈঠক করেন। ওই বৈঠকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির ও আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী অংশগ্রহণ করেন।