মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার হুমকি, সমাজকল্যাণ মন্ত্রীকে শোকজ

লালমনিরহাটে মুক্তিযোদ্ধার ঘাড় মটকে দেওয়ার ভিডিও ভাইরালের পর আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে লালমনিরহাট-২ আসনের নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন অনুসন্ধান কমটি।
 
আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে নোটিশের জবার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ বলেন, গত ২৩ ডিসেম্বর রাতে লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদের নির্বাচনী সভায় আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে বিষয়টি আমার নজরে এসেছে। এরই প্রেক্ষিতে সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্যার কাছে লিখিত অভিযোগ করেন কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মর্তুজা হানিফ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বক্তব্যে ‘লালমনিরহাট-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জামান আহমেদকে বলতে শোনা যায়, সেদিন ভুল্যারহাটে মিটিংয়ে গোলাম মর্তুজা হানিফ যে বাজে কথা বলেছেন, তাকে সতর্ক করে দিচ্ছি। এই ধরনের বাজে কথা যদি আর কোনো দিন বলো, তাহলে তোমার ঘাড় মটকে দেব। তুমি এখনো লোক চেন না।

অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন অনুসন্ধান কমিটি (লালমনিরহাট-২) এর চেয়ারম্যান নির্বাচনী আচরণবিধি ১১ (ক) বিধান লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছেন।