পাকিস্তানের সঙ্গে ভারতের রাজনৈতিক বৈরি সম্পর্ক নতুন কিছু নয়। যা এখনও চলমান। যার জেরে হয় না দুই দেশের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ। কিন্তু যখনই বৈশ্বিক কোনো প্রতিযোগিতায় দুই দেশের বিরাট কোহলি ও বাবর আজমদের দেখা মিলে, ২২ গজে তারা যেন মেতে উঠেন হাসি-ঠাট্টায়। তবে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি মন্তব্য সেই উষ্ণ সম্পর্ককেও ছাপিয়ে গেছে। সুস্বাদু খাবার খেতে চাইলে ভক্তকে পাকিস্তান যেতে বলেছেন।
মহেন্দ্র সিং ধোনির এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গেছে। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আইপিএলেই শুধু খেলেন ধোনি। এর বাইরে বিভিন্ন অনুষ্ঠানে ভক্তদের সামনে মিশুক ও হাস্যোজ্জ্বল চেহারায় হাজির হন কিংবদন্তি এই ক্রিকেটার। তেমনই একটি ঘটনায় ক্যামেরাবন্দী ধোনি। যদিও পাকিস্তানে যাওয়ার পরামর্শ ওই ভক্ত মানতে রাজি হননি।
ভিডিওতে সাবেক ভারতীয় তারকা এক ভক্তকে বলছেন, ‘যদি তুমি ভালো খাবারের কথা জিজ্ঞেস করো, তাহলে আমি বলব তোমার পাকিস্তানে যাওয়া উচিৎ। ওখানকার খাদ্য খুবই সুস্বাদু হয়। একবার খেয়ে দেখো তুমি।’
তবে ধোনির এই বক্তব্য একেবারেই সমর্থন করেননি সেই ভক্ত। তিনি জবাব দেন, ‘আমি ওখানে যাচ্ছি না। আমি খেতে ভালবাসি ঠিকই, তাই বলে আমি পাকিস্তানে যাব না ভালো খাবারের জন্য।’
ভিডিওটি সামাজিকমাধ্যমে অনেক শেয়ার হচ্ছে। যেখানে নানামুখী মন্তব্য করছেন নেটিজেনরা। তবে এর মধ্যে ভারতীয়দের অনেকেই ধোনির এমন মন্তব্য ভালোভাবে নেননি। তারা পাকিস্তানের প্রশংসা করায় তারকা ক্রিকেটারের প্রতি নিন্দা জানিয়েছে। কেউ কেউ তার সাহসী মন্তব্যের প্রশংসাও করছেন। যেখানে অবশ্য বেশিরভাগই পাকিস্তানের।