নির্বাচন বাতিলের দাবিতে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল

নির্বাচন বাতিল করে সরকারের পদত্যাগের দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট। শনিবার (৩০ ডিসেম্বর) বেলা ১১ টায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের বরিশাল জেলার সমন্বায়ক শাহ আজিজ খোকনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ দুলাল মজুমদার, সাবেক সভাপতি অ্যাডভোকেট এ.কে আজাদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলার সদস্য দুলাল মল্লিক, সদস্য বিজন সিকদার, সদস্য সহিদুল ইসলাম,  বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সদস্য বিরেন রায় প্রমুখ।

এসময় বক্তারা বলেন, ২০১৮ সালে দিনের ভোট রাতে দেওয়ার মাধ্যমে গণতন্ত্রের কবর খোঁড়া হয়েছিল। সেই থেকে বাম গণতান্ত্রিক জোট ৩০ ডিসেম্বর সারাদেশে কালো দিবস পালন করে আসছে। এই সরকার ২০১৪ এবং ২০১৮ সালের মতো ২০২৩ সালেও একটা প্রহসনের নির্বাচনের আয়োজন করেছে। দেশের সাধারণ মানুষের অংশগ্রহণ এবং ভিন্ন মতের তোয়াক্কা না করে এই নির্বাচন আয়োজন করা হয়েছে তাই সাধারণ মানুষ এই নির্বাচনে অংশ নিবে না।  বাম গণতান্ত্রিক জোট এই প্রহসনের নির্বাচনকে বর্জন করছে।

এসময় অবিলম্বে নির্বাচন বাতিল করে সরকারের পদত্যাগ দাবি করেন বক্তারা। আলাপ আলোচনার মাধ্যমে একটি নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানানো হয়।