প্রার্থীর কাছ থেকে ‘পানি পড়া’ নিচ্ছেন ভোটাররা

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী প্রচারণার সময় তিনি ঝাড়-ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।

সরেজমিন দেখা গেছে, আছলাম রহমানী ভোটারদের কাছে গেলে ভোটাররা পানি পড়া নেওয়ার জন্য বোতল নিয়ে আসেন। অনেক ভোটার আবার শিশুদের নিয়ে আসেন। এসময় তার কাছ থেকে শিশুদের মাথায় ফুঁ দেওয়ার জন্য অনুরোধ করছেন। এছাড়াও ভোটাররা তার কাছ থেকে পানি পড়া নিচ্ছেন। 

এ বিষয়ে কয়েকজন ভোটার জানান, রহমানীর কাছ থেকে পানি পড়া নিলে আমাদের উপকার হবে। এই বিশ্বাসে আমরা পানি পড়া নেই।

এ বিষয়ে প্রার্থী মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, আমার ঝাড়-ফুঁক ও পানি পড়া মানুষের কাজে আসে। বিভিন্ন এলাকায় নির্বাচনী সভায় গেলে লোকজন আমাকে দেখে ভিড় করে।