নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে আবেদন

নির্বাচনী সভায় টাকা ছড়ানোর অভিযোগ এনে ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র প্রার্থী ওই আসনের বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সনের প্রার্থিতা বাতিল চেয়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করেছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ। গতকাল শনিবার জেলার রিটার্নিং কর্মকর্তা ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের কাছে লিখিত এ আবেদন করেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আওয়ামী লীগ প্রার্থী কাজী জাফর উল্যাহর প্রধান নির্বাচনী এজেন্ট মুহম্মদ সাইফুর রহমান।

ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্যাডে মুহম্মদ সাইফুর রহমানের স্বাক্ষরিত ওই আবেদনপত্রে বলা হয়েছে, গত ২৮ ডিসেম্বর দুপুরে ভাঙ্গা থানার উত্তর পাশে কাজী মাহমুদউল্যাহ কলেজ সন্নিকটে অটো স্ট্যান্ডে একটি নির্বাচনী সভায় প্রকাশ্যে ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরী। লিখিত অভিযোগে বলা হয়, তিনি (নিক্সন) প্রকাশ্যে অর্থ বণ্টনের মাধ্যমে ভোটারদের প্ররোচিত করে নির্বাচনী আচরণবিধি ৩(১) ধারার সুস্পষ্ট লঙ্ঘন করেছেন। নির্বাচন আচরণবিধি ভঙ্গের দায়ে তার প্রার্থিতা বাতিল করার জন্য জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নিক্সন চৌধুরী বলেন, ‘আমার নামে মিথ্যা প্রচার করা হচ্ছে। তারা খিচুড়ি খাওয়ার জন্য আমার কাছে কিছু টাকা চেয়েছিল, আমি তাদের বকশিশ হিসেবে দিয়েছি। আমি এভাবে অনেক গরিব-দুঃখী মানুষকে সহযোগিতা করে থাকি, এটা নির্বাচনী বিষয় না।’

অপরদিকে কাজী জাফর উল্যাহ বলেন, ‘নিক্সন চৌধুরী ভিডিও ছড়াচ্ছে, এ ধরনের ভিডিও আমিও দেখেছি। আমি আশা করি, কর্তৃপক্ষ এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আমরা চাই, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিতে পারবে।’

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার বলেন, আবেদনটি ইনকোয়ারি (অনুসন্ধান) কমিটিতে পাঠিয়েছি। সেই কমিটির প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া গেলে বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছে পাঠানো হবে।