নির্বাচনের দিন ফুল স্পিডে মোবাইল নেটওয়ার্ক থাকবে : ইসি সচিব

দ্বাদশ নির্বাচনের দিন অর্থাৎ আগামী ৭ জানুয়ারি সারা দিন সারা দেশে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেট সংযোগ সচল থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, ‘দেশে যতগুলো মোবাইল নেটওয়ার্কিং সিস্টেম আছে সবার সাথেই কথা হয়েছে। সবগুলোই ৭ জানুয়ারি ফুল স্পিডে চালু থাকবে।’

আজ সোমবার নির্বাচন কমিশন মিডিয়া সেন্টারে "স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট অ্যাপস" বিষয়ে ব্রিফিংকালে সচিব এসব কথা বলেন।

‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ নামের অ্যাপে  নির্বাচনের দিন যাবতীয় তথ্য উপাত্ত পাওয়া যাবে মন্তব্য করেছেন ইসি সচিব। অ্যাপটি ইতিমধ্যে প্লে স্টোর এবং অ্যাপল স্টোরে উপলব্ধ করা হয়েছে বলে জানান তিনি। ভোটের দিন স্মার্ট অ্যাপে দুই ঘণ্টা অন্তর ভোটের হিসাব প্রকাশ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হোম, তথ্য, ফলাফল ও বিশ্লেষণ- এই চারটি স্তম্ভে অ্যাপটি প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মোবাইল নম্বর নিবন্ধন এবং এনআইডি দিয়ে নিবন্ধিত হয়েই অ্যাপটি ব্যবহারের সুযোগ পাবেন নাগরিকরা।

আগামী ৬ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ভোটের সার্বিক দিক নির্দেশনা ও পরিস্থিতির বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও জানান ইসি সচিব।