দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসনের জাতীয় পার্টি (জেপি) মনোনীত প্রার্থী রুহুল আমিন হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছেন। তিনি এই আসনের সাবেক সংসদ সদস্য এবং জেপির প্রেসিডিয়াম সদস্য।
দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন রুহুল আমিনের ভাতিজা রানা পারভেজ।
তিনি জানান, আজ সোমবার ভোর ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রুহুল আমিন। তাৎক্ষণিক তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জাতীয় হৃদরাগ ইনস্টিটিউটে নেওয়া হয়। সেখানে তিনি সিসিইউতে চিকিসাধীন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, সকাল সাড়ে ৭টার দিকে হাসপাতাল আনা হলে প্রথম তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ইসিজি রিপোর্টে তাঁর হার্টের সমস্যা ধরা পড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে তাকে ঢাকা নিয়ে যাওয়ার কথা শুনেছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জেপি) মনোনয়ন পেয়ে কুড়িগ্রাম-৪ আসনে বাই সাইকেল প্রতীকে প্রতিদ্বদ্বিতা করছেন রুহুল আমিন।