চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন 

শেষ হলো ভোটগ্রহণ, চলছে গণনা

আপডেট : ২১ মে ২০২৬, ০৭:২২ পিএম

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী সমর্থিতদের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন। নির্বাচন ঘিরে দিনভর চট্টগ্রাম আদালত অঙ্গন ছিল উত্তপ্ত।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ৯টায় সমিতির মিলনায়তনে ভোটগ্রহণ শুরু হয়। বিকাল চারটায় শেষ হয়। সন্ধ্যা সোয়া ৬টায় এই
প্রতিবেদন লেখার সময় ভোট গণনা চলছিল। 

সকাল ৯টার দিকে ভোটগ্রহণ শুরুর পরপরই ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ করেন জামায়াতে
ইসলামী সমর্থিত আইনজীবীরা। তারা নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও পক্ষপাতের অভিযোগ তুলে আগের দিনই নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ৯টি পদে একক প্রার্থী থাকায় এসব পদে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি। ফলে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

বাকি ১২টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব পদে মোট ২৪ জন প্রার্থী থাকলেও গতকাল বুধবার জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের ১২ জন প্রার্থী আনুষ্ঠানিকভাবে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এতে কার্যত বিএনপিপন্থী প্রার্থীরাই নির্বাচনি মাঠে সক্রিয় ছিলেন।

ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদের প্রধান সমন্বয়ক শামসুল আলম বলেন, আমরা ভোট বর্জন করেছি। আমাদের সাধারণ ভোটাররাও ভোট দিচ্ছে না। আমরা এখন এরকমভাবে ভোট গ্রহণের প্রতিবাদে সমাবেশ শুরু করেছি।

আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীদের অভিযোগ, তাদের কোনো প্রার্থীকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি। এ কারণে শুরু থেকেই তারা নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করে আসছেন।

এর আগে নির্বাচন বাতিল চেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ আদালতে আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন জামায়াতপন্থী আইনজীবীরা।

এদিকে আওয়ামী লীগপন্থী আইনজীবীরাও গতকাল বুধবার আদালতপাড়ায় কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন।‘সাধারণ আইনজীবী পরিষদ’-এর ব্যানারে আয়োজিত ওই কর্মসূচি থেকে নতুন নির্বাচন কমিশন গঠন এবং পুনঃতফসিল ঘোষণার দাবি জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত