দোষ না করেও শাস্তি পেলাম : ড. ইউনূস

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে দোষ করি নাই তার জন্য শাস্তি পেলাম। এটা আমার কপালে ছিল।’ গতকাল ঢাকার তৃতীয় শ্রম আদালতে সাজার রায়ের পর এক প্রতিক্রিয়ায় উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আমরা আজকে আদালতে এসেছিলাম রায় শোনার জন্য। কিন্তু এসে মনটা ভরে গেল। আমার বহু বন্ধু-বান্ধবকে এখানে পেয়ে গেলাম, যাদের সঙ্গে আমার বহুদিন দেখা হয়নি। এরা আজকে এসেছেন এই রায়ের দিনে। আমি কিন্তু তাদের দেখে খুবই খুশি। আমরা রায়ের জন্য অপেক্ষা করলাম। বন্ধু-বান্ধব সবাই মিলে। বহুদিন পরে যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, ছুটিতে এসেছে, বছরের প্রথম দিনে এক জায়গায় একত্র হওয়ার সুযোগ পেলাম আমরা এই শ্রম আদালতে।’ তিনি বলেন, ‘কিন্তু আমাদের মনে দুঃখটা রয়ে গেল। আজকের এই আনন্দের দিনে। আমরা এই আঘাত পেলাম। যে রায় পেলাম, যে দোষ আমরা করি নাই, সে দোষের ওপর শাস্তি পেলাম। এটা আমাদের কপালে ছিল, জাতির কপালে ছিল, আমরা সেটা গ্রহণ করলাম। এখন দোষ থেকে, কীভাবে আদালত থেকে শেষ পর্যন্ত আমরা বিচার পাব সেটা আমাদের আইনজীবী ব্যাখ্যা করবেন।’ আদালত থেকে ন্যায়বিচার পেয়েছেন কি না এমন প্রশ্নে ড. ইউনূস বলেন, ‘যে দোষ করিনি সে দোষের শাস্তি পেলাম। এটাকে যদি ন্যায়বিচার বলেন, তাহলে বলতে পারেন।’

এর আগে গতকাল বেলা ৩টায় শ্রম আইন লঙ্ঘন মামলায় ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের তিন শীর্ষ কর্মকর্তাকে ছয় মাস করে কারাদন্ড দেয় আদালত।