‘নিরপেক্ষতার সংশয়ে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টীর মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম। নির্বাচনী সকল প্রকার কার্যক্রম থেকে অব্যাহতির কথা জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার দুপুরে দিনাজপুর বিরল উপজেলা শাখা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন মাহবুব আলম।

তি‌নি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ভোট নির‌পেক্ষ হওয়া নিয়ে সংশয় আছে। তাই নির্বাচনী সকল প্রচার প্রচারণা থে‌কে স‌রে দাঁড়াচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি অ্যাডভোকেট সুধীর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক আফজাল হোসেন দুলাল, সহসভাপতি লোকমান হাকিম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মোসলেম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক ইলিয়াস খান, সহসাংগঠনিক সম্পাদক সৈয়দ মমতাজুল হক, দপ্তর সম্পাদক ইউপি সদস্য সামিদুর রহমান প্রমুখ। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে দিনাজপু‌র-২ (বিরল-বোচাগঞ্জ) আস‌নে মাহবুব আলমসহ তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এ আসনে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দলটির সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। এ ছাড়া একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন আসনটিতে।