‘আর্থিক সংকটে’ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাপার প্রার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মো. সামসুদ্দিন খান শারীরিক অসুস্থতা, পারিবার ও আর্থিক সংকটের কারণ জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

আজ মঙ্গলবার দুপুরে কাপাসিয়া প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থিত সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মো. সামসুদ্দিন খান বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। ১৯৭ কাপাসিয়া আসনে আমি দলীয় লাঙ্গল প্রতীকে  নির্বাচন করার জন্য প্রস্তুতি নিয়েছি। বর্তমানে আমার শারীরিক ও পারিবারিক সেই সাথে আর্থিক সমস্যার কারণে আমি নির্বাচন নির্বাচন বর্জন করলাম। এই মুহূর্তে আমার যে শারীরিক অবস্থা তাতে নির্বাচন কার্যক্রম চলতে থাকলে আমি মানুষের কাছে যেতে না পারলে আমাকে ভোট দেবে না।’

নির্বাচন কার্যক্রম পরিচালনা করতে না পারলে, ভোট কম পেলে সামাজিক ভাবে কোনঠাঁসা হয়ে যাবে এ কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছেন বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এনামুল কবীর, গাজীপুর জেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব অ্যাডভোকেট জাকির হোসেন ও জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক বাদশা আব্দুল্লাহ প্রমূখ উপস্থিত ছিলেন।