চাকরি ছাড়ার পর অফিসের পাসওয়ার্ড বদলে প্রতিশোধ!

অফিসে বস ও সহকর্মীদের ওপর অতিষ্ঠ হয়ে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু এরপর যে কাণ্ড ঘটিয়েছেন, তাতে পুরো অফিসের মাথায় হাত। কারণ প্রত্যেক কর্মীর ডেটাবেসের পাসওয়ার্ড পাল্টে দিয়েছিলেন তিনি। ফলে কেউই আর ডেটাবেসে ঢুকতে পারছিল না।

নাম গোপন রেখে নিজের এই কীর্তির কথা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন এক নারী। পোস্টটি রেডডিট তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছে এবং ক্যাপশনে লিখেছে ‘তার জন্য ভাল’।

ওই নারীর ভাষ্য, তিনি যেখানে কাজ করতেন, সেখানে শুধু বসই নন, সহকর্মীরা অত্যন্ত দুর্ব্যবহার করত। তিনি ওই টিমের একমাত্র নারী কর্মী ছিলেন। তার দাবি, তিনি কখনও খারাপ আচরণ করেননি। বার বার ভেবেছেন কাজ ছেড়ে দেবেন। কিন্তু পেরে ওঠেননি। সব মুখ বুজে সহ্য করেছেন।

এরপর একদিন চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বন্ধ করে দেন অফিসে যাওয়া। প্রায় এক সপ্তাহ পর তিনি দেখতে পান, তার ল্যাপটপে তখনও ম্যানেজারের অ্যাকাউন্ট লগ ইন হয়ে রয়েছে। ব্যস, তখনই প্রতিশোধ নেবার কথা মাথায় চলে আসে। তিনি একটি ভুয়া ই-মেইল আইডি বানান।

তারপর ম্যানেজারের অ্যাকাউন্ট থেকে ডেটাবেসের জন্য প্রয়োজনীয় ইমেইল আইডি ওই ভুয়া আইডি দিয়ে পাল্টে দেন। ফলে কেউ আর ডেটাবেসে অ্যাকসেস করতে পারছিল না। তবে শেষ পর্যন্ত অফিসে কী ঘটল, এ বিষয়ে তাকে কেউ সন্দেহ করল কিনা তা আর জানার সুযোগ হয়নি ওই নারীর।

তিনি বলেন, আমি সন্দেহভাজন ছিলাম কিনা জানি না। আমি আর শহরের ওই অংশে যাই না। শেয়ার হওয়ার পর থেকে পোস্টটি আট হাজারেরও বেশি লাইক পেয়েছে।