রাজধানীর একটি ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যাওয়া এক বাইকারকে থামিয়ে বাহ্বা পাচ্ছেন এক নারী। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, একজন বাইকার ফুটপাত দিয়ে বাইক চালিয়ে যাচ্ছিলেন আর বিপরীত দিক থেকে আসছিলেন এক নারী। এরপর নারী বাইকের গতিরোধ করে সামনে দাড়ান এবং ফুটপাত দিয়ে বাইক চালাতে নিষেধ করে রাস্তা দিয়ে চালাতে বলেন। এতে বাইক চালক ক্ষিপ্ত হয়ে জোর করে নারীর উপর দিয়ে বাইক চালিয়ে যেতে চান। এমন সময় ওই নারীও বাইকটির সামনে থেকে ধাক্কা দিয়ে গতিরোধ করেন। এতে বাইকটি পড়ে যায়। চালক বাইক থেকে সরে যান। তবে চালকের কোনো ক্ষতি হয়নি।
ওই নারীর এমন প্রতিবাদে সমাজমাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। তবে তার ও বাইকারের পরিচয় জানা যায়নি।
অজ্ঞাত ওই নারীর এমন প্রতিবাদ দেখে ভিডিওটির মন্তব্যের ঘরে মাহিম নামের একজন লিখেছেন, ‘প্রত্যেকটা নাগরিকের এইভাবে প্রতিবাদ করা উচিত, অথচ আশেপাশে এতো মানুষ দাড়িয়ে দেখেও কোনো প্রতিবাদ করে না।’
মেয়টিকে ধন্যবাদ দিয়ে ওমর ফারুক নামের একজন লিখেছেন, ‘ধন্যবাদ আশেপাশের জনগণকে সবাই মিলে প্রতিবাদ করেছে। সবারই এইভাবে একসাথে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত প্রত্যেক ক্ষেত্রে।’
সৈয়দ কায়সার নামের আরেকজন লিখেছেন, ‘চরম অসভ্যতা! ফুটপাত দিয়ে অন্যায়ভাবে বাইক চালাচ্ছিল। ভদ্রমহিলা রাস্তায় চালাতে বললে তার গায়ে উঠিয়ে দিল। এই লোকগুলোই জাতির আসল প্রবলেম।’
প্রহর নামের আরেক নেটাগরিক লিখেছেন, ‘ঢাকার শহরে রিকশাওয়ালার চেয়ে বাইকওয়ালাদের সংখ্যা অনেক অনেক বেশি যারা প্রয়োজনের চেয়ে বেশি অপ্রয়োজনে হর্ণ বাজায় এবং সবচেয়ে বেশি ট্রাফিক রুলস ব্রেক করে। এরা চিপা পেলেই বাইক ঢুকিয়ে দেয়।’
