চট্টগ্রামের চন্দনাইশে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ৩ নেতাকর্মী। মঙ্গলবার (২ জানুয়ারি) উপজেলার জোয়ারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা দেওয়ায় দু’পক্ষে সংঘর্ষ ঘটে।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় জোয়ারা ইউনিয়নের নগর পাড়ায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল জব্বার চৌধুরীর (ট্রাক প্রতীক) কর্মীরা প্রচারণা কাজে বের হয়ে ২নং ওয়ার্ডে পৌঁছালে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. নজরুল ইসলাম চৌধুরীর সমর্থকগণ বাধা প্রদান করেন। এ সময় উভয়পক্ষের বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগ সমর্থিত নৌকা প্রতীকের সমর্থকরা স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের উপর হামলা চালায়। এ সময় ৩ জন আহত হয়। আহতরা হলেন- জিয়াতুর রশিদ মিটু (৫৭), শফিকুর রহমান(৫০) ও মোস্তাফিজুর রহমান(৫৮)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চন্দনাইশ হাসপাতালে ভর্তি করে।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল হক বলেন, এ সংক্রান্ত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।