স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাণিজ্য খাতকে আরও কার্যকরী করতে কর-জিডিপি বাড়ানো, দীর্ঘমেয়াদি ঋণপ্রাপ্তি নিশ্চিতকরণ, রপ্তানি বহুমুখীকরণ ও বিদেশি বিনিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)। এজন্য বেসরকারি খাতকে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদি ঋণপ্রাপ্তি নিশ্চিতের পাশাপাশি কর কাঠামো পুনর্গঠন, ব্যবসাবান্ধব এবং কর আহরণ প্রক্রিয়া সহজীকরণের দাবি জানিয়েছে এফবিসিসিআই।
গতকাল মঙ্গলবার এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত ‘বিল্ডিং এ রেজিলিয়েন্ট ইকোনমি ফর ভিশন ২০৪১ : কি চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক কর্মশালায় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এই দাবি জানান।
মাহবুবুল আলম বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অন্যতম একটি করণীয় ও চ্যালেঞ্জ হচ্ছে বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করা। আর এ বিনিয়োগের জন্য দীর্ঘমেয়াদি ঋণপ্রাপ্তি নিশ্চিতকরণ ও সহজীকরণ অত্যন্ত জরুরি।
এফবিসিসিআই সভাপতি বলেন, কভিড সংকট পরবর্তী পরিস্থিতি, বর্তমান বিশ্ব ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট, রাশিয়া-ইউক্রেন এবং মধ্যপ্রাচ্যে সংঘটিত যুদ্ধে সৃষ্ট অর্থনৈতিক সংকটের ফলে বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক কার্যক্রমে কিছুটা নেতিবাচক প্রভাব পড়ছে। তবে এতে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন ব্যবসায়ীরা। এরূপ পরিস্থিতিতে রূপকল্প ২০৪১ অনুযায়ী স্থিতিশীল অর্থনীতির জন্য অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতকে সুসংগঠিত করতে সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় বেশ কিছু উদ্যোগ নেওয়া জরুরি হয়ে পড়েছে। বিশেষ করে, আর্থিক কার্যক্রমকে স্মার্টভাবে পরিচালনার জন্য সব আর্থিক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দ্রুত উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের ভিত মজবুত হয়েছে। এখন প্রয়োজন বিভিন্ন খাতের অগ্রগতিকে সুসংহত, সমন্বিত ও ত্বরান্বিত করা।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বেশ কিছু করণীয় ও চ্যালেঞ্জ উল্লেখ করেন মাহবুবুল আলম। তার মধ্যে রয়েছে কর-জিডিপি বাড়াতে কর কাঠামো পুনর্গঠন ও ব্যবসাবান্ধব করা এবং কর আহরণ প্রক্রিয়া স্বচ্ছ ও সহজীকরণ করা, বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নীতিমালা প্রণয়ন, শ্রমঘন শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে আর্থিক ও নীতিগত সুবিধা বৃদ্ধি করা, উন্নয়নের রোডম্যাপ বাস্তবায়নে শক্তিশালী মনিটরিং সেল গঠন করা, লজিস্টিক খাতের নীতিমালা প্রণয়ন, উন্নয়ন ও বাস্তবায়ন নিশ্চিত করা, বন্দরের সক্ষমতা বৃদ্ধি করা, কারিগরি শিক্ষার সম্প্রসারণ করা ইত্যাদি।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। বিগত বছরে বাংলাদেশের বিভিন্ন উন্নয়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের বিরাট বাজার আছে, সক্ষমতা আছে, অনেক জটিলতার মধ্য দিয়েও আমরা আজ এতদূর পর্যন্ত এসেছি। তিনি বলেন, সবসময়ই যে বাইরের দেশের ফর্মুলায় চলতে হবে এমন নয়, নিজেদের সক্ষমতা বেড়েছে এখন বাংলাদেশের।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বলেন, ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে সাত লাখ আইটি এক্সপার্ট দরকার হচ্ছে। কয়েক বছর পর হয়তো দশ লাখ দরকার হবে। কিন্তু দক্ষতার অভাবে আমরা পাঠাতে পারছি না। দক্ষ লোকবল না গড়ে উঠলে ভবিষ্যতে উচ্চপ্রযুক্তি ব্যবহারে বিদেশ থেকে লোক আনতে হবে বলেও আশঙ্কা করেন বাণিজ্য সচিব।
শিক্ষার মান বাড়ানো জরুরি উল্লেখ করে এনবিআরের সদস্য মাসুদ সাদিক বলেন, প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যায় বিদেশিরা, অথচ দেশের ছেলেমেয়েরা পড়াশুনা শেষ করে চাকরি পাচ্ছে না।
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশ-এর চেয়ারম্যান ও এফবিসিসিআইর প্যানেল উপদেষ্টা ড. মাশরুর রিয়াজ। তিনি তার বক্তব্যে বলেন, ভিশন ২০৪১ অর্জনে বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক প্রবৃদ্ধির হার বাড়ানো, সবুজায়ন বাড়ানো, সর্বোপরি বেসরকারি খাতবান্ধব নীতিমালা প্রণয়ন অপরিহার্য।
এছাড়া কর্মশালায় প্যানেল আলোচনায় অংশ নেন ফরেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ফিকি) সভাপতি জাভেদ আক্তার, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)-এর সভাপতি কামরান টি রহমান প্রমুখ।