লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী পবনের প্রার্থিতা বাতিল

আচরণবিধি ভঙ্গের দায়ে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল মঙ্গলবার ইসির উপসচিব মো. আবদুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে তার প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত জানায় সাংবিধানিক এ প্রতিষ্ঠানটি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল করল ইসি। পবন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য।

গতকাল বিকেলে নির্বাচন কমিশন থেকে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলসংক্রান্ত চিঠি পেয়েছেন বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান।

চিঠিতে ইসি জানায়, গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফোন করে অকথ্য, আপত্তিকর ও অশোভন কথা বলেন। তিনি রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করেছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩০ ডিসেম্বর ইসি সচিব বরাবর চিঠি পাঠান জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা।

ইসি কর্মকর্তারা জানান, অভিযোগ পাওয়ার পর স্বতন্ত্র প্রার্থী পবনকে তলব করে কমিশন। ১ জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয় তাকে। সে অনুযায়ী গত সোমবার নির্বাচন ভবনে উপস্থিত হয়ে কমিশনের সামনে ব্যাখ্যা দেন পবন। নির্বাচন কমিশন ওই অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখতে জেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেয়। জেলা নির্বাচন কর্মকর্তা বিষয়টি তদন্ত করে ওই ঘটনার সত্যতা রয়েছে বলে প্রতিবেদন দেন। এ ছাড়া ওই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটিও পবনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশনে প্রতিবেদন দেয়। তাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটন করেছেন জানিয়ে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

চিঠিতে বলা হয়, শুনানিকালে প্রার্থী পক্ষের বক্তব্য, লক্ষ্মীপুরের জেলা নির্বাচন অফিসারের পাঠানো তদন্ত প্রতিবেদন, নির্বাচনী অনুসন্ধান কমিটির প্রতিবেদন এবং সংশ্লিষ্ট আইন ও বিধি পর্যালোচনায় নির্বাচনী অপরাধসহ নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটনের বিষয়টি প্রমাণিত হওয়ায় গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১৯ ই ধারার বিধান অনুযায়ী নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ নির্বাচনী আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এদিকে প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী পবন। তিনি বলেন, তার প্রতি জুলুম করা হয়েছে, তিনি ন্যায়বিচার পাননি। একই সঙ্গে তার কর্মী-সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানান।