আবিরের পরিবারের জন্য ৬৫ হাজার ডলার অনুদান উঠল তিন দিনে

যুক্তরাষ্ট্রের টেক্সাসে দুর্বৃত্তদের গুলিতে নিহত বাংলাদেশি শেখ আবির হোসেনের পরিবারের জন্য তিন দিনে ৬৫ হাজার ডলার (প্রায় ৭২ লাখ টাকা) অনুদান দিয়েছেন দেড় হাজারেরও বেশি মানুষ।

টেক্সাসের লামার বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থীরা শেখ আবিরের পরিবারের জন্য ফেসবুকে ‘গো ফান্ড মি’ অ্যাকাউন্ট খুলেছেন। গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা আড়াইটা পর্যন্ত সারা বিশ্বের প্রায় ১ হাজার ৬০০ মানুষ তাঁর পরিবারের জন্য ৬৫ হাজার ডলার (প্রায় ৭২ লাখ টাকা) অনুদান দিয়েছেন।

শেখ আবিরের স্ত্রী সানজিদা আলম মজুমদার জানান, মানুষের ভালোবাসায় তিনি কৃতজ্ঞ। কিন্তু তার স্বামীকে তো আর ফিরিয়ে আনা যাবে না।

সানজিদা স্বামীর মরদেহ আনতে নিউইয়র্ক থেকে টেক্সাসে গেছেন। 

সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামের মৃত শেখ আজিজুল হাকিমের ছেলে আবির। পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিষয়ে। 

গত শুক্রবার টেক্সাসের বিউমন্টের একটি দোকানে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শেখ আবির হোসেন।