দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

আপডেট : ১৪ মার্চ ২০২৬, ০১:০০ পিএম

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় মির্জা মেহেদী (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর নিহত হয়েছেন। শনিবার (১৪ মার্চ) ভোর রাতে সেহরির সময় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মির্জা মেহেদীর গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার নাঙ্গলকোট থানায়। প্রায় ৩ বছর আগে তিনি স্টুডেন্ট ভিসায় দক্ষিণ কোরিয়ায় আসেন। প্রথমে ডি-৪ ভিসায় কিয়ংডং বিশ্ববিদ্যালয়ে ভাষা শিক্ষা সম্পন্ন করার পর পরবর্তীতে ডি-২ ভিসায় সেজং বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করছিলেন।

সূত্র জানায়, মেহেদী দক্ষিণ কোরিয়ার সকচো এলাকায় বসবাস করতেন। শনিবার ভোর রাতে তিনি দুই বাংলাদেশি বন্ধুকে সঙ্গে নিয়ে গাড়ি চালাচ্ছিলেন। এ সময় গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

তবে গাড়িতে থাকা অপর দুই বাংলাদেশি বন্ধু অক্ষত আছেন। এ খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে মেহেদীর মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত