মদিনায় সড়ক দুর্ঘটনায় নিহত চার ও আহত দুই বাংলাদেশী শ্রমিকের পরিচয় নিশ্চিত করেছেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেল। সম্প্রতি বন্দর নগরী জেদ্দা থেকে প্রায় ৪৯০ কিলোমিটার দূরে অবস্থিত মদিনা প্রদেশের সুয়াইদরা শহরে বাংলাদেশী কর্মীদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনা কবলিত হয়।
গত মঙ্গলবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় আল-বিয়া কোম্পানিতে কর্মরত বাংলাদেশি কর্মীদের বহনকারী গাড়িটির সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় কয়েকজন শ্রমিক গাড়ি থেকে ছিটকে পড়ে যান। দুর্ঘটনা কবলিত গাড়িতে ২১জন বাংলাদেশি কর্মী ছিলেন। গাড়ি থেকে ছিটকে পড়ে চারজন দুর্ঘটনস্থলেই মৃত্যুবরণ করেন এবং দুইজন আহত হন।
মদিনা ট্রাফিক অফিস ও নিয়োগকারী কোম্পানির সাথে যোগাযোগের পর বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কন্সুলেট জেদ্দা এবং আহত ও নিহতদের পরিচয় নিশ্চিত করা হয়।
নিহতারা হলেন- ময়মনসিংহের গফরগাঁওয়ের সাঈদের ছেলে মোহাম্মদ ইকরাম ও মো খোকার ছেলে মো. রিফাত, টাঙ্গাইলের ঘাটাইলের মো. আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ শহীদুল্লাহ ও বিল্লাল হোসেনের ছেলে আল আমিন।
আহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইলের ইসমাইলের ছেলে মোস্তফা ও শেরপুরের মো. রজব আলীর মোহাম্মদ সুলতান আলী।
নিহতদের মদিনার একটি হাসপাতালের হিমাগর রাখা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় মৃত প্রবাসী কর্মীদের স্থানীয়ভাবে দাফন অথবা দেশে প্রেরণের বিষয়ে জেদ্দা কনসুলেট কর্তৃক বাংলাদেশে পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকে প্রাপ্ত মতামতের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে।
উল্লেখ বিস্তারিত ট্রাফিক রিপোর্ট প্রাপ্তির পর কর্মীদের ওয়ারিশদের অনুকূলে ক্ষতিপূরণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে বাংলাদেশ কন্সুলেট জেদ্দা নিয়মিত ফলোয়াপ করছেন বলে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
সরকার যার পুলিশ তার
বিদ্যুৎস্পৃষ্টে জামাই-শ্বশুরসহ তিনজনের মৃত্যু